ছিনতাই করতে গিয়ে পুলিশ আটক
রাজধানীতে এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে ৪৪ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল।
শুক্রবার ভোরে কাওরানবাজার মোড় থেকে লতিফুজ্জামান নামের ওই কনস্টেবলকে আটক করা হয় বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান।
সে সময় রাজেকুল খন্দকার নামে এক আনসার সদস্যও ছিলেন লতিফের সঙ্গে।
তাদের দুজনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করেছেন ডিম ব্যাবসায়ী আব্দুল বাসির।
ওসি জানান, ভোরে লালবাগ কেল্লা মোড় এলাকায় ডিমের চালান দিয়ে ভ্যানে করে তেজগাঁওয়ের দিকে ফিরছিলেন বাসির। ওই সময় তার পকেটে ডিম বিক্রির নগদ ৪৪ হাজার টাকা ছিল।
কারওয়ানবাজার মোড়ে ‘পুলিশ’ লেখা এক মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি ওই ভ্যানের গতি রোধ করে। এরপর তারা বাসিরের কাছে নেশাজাতীয় দ্রব্য আছে কি না জানতে চান এবং তল্লাশি শুরু করেন।
বাসির তখন একজনকে জাপটে ধরেন এবং পথচারীদের সহযোগিতায় তাকে আটক করে সার্ক ফোয়ার এলাকায় দায়িত্বরত পুলিশের হাতে তুলে দেন।
পরে জানা যায়, আটক ব্যক্তি পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান। তিনি ঢাকা উত্তর ট্রাফিক বিভাগে কর্মরত আছেন।
লতিফকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আনসার সদস্য রাজেকুলের কথা পুলিশকে বলেন।
ওসি আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনসার সদস্য রাজেকুলকে এখনো আটক করা যায়নি। তবে তাকে গ্রেপ্তারের জন্য আমাদের টিম কাজ করছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।”
