২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগে লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 08:01 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ৫২০ জন। আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে এদের মৌখিক পরীক্ষায় বসতে হবে।

বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা হিসেবে ১৪৪ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদটি দ্বিতীয় শ্রেণির হওয়ায় এদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়। বিসিএসসহ প্রথম শ্রেণির কর্মকর্তাদের নিয়োগও পিএসসির মাধ্যমে দেয় সরকার।