এম আর খানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক
বাংলাদেশে শিশু চিকিৎসায় পথিকৃৎ জাতীয় অধ্যাপক এম আর খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “বৈঠকের শুরুতেই জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।”
“এছাড়া বিশিষ্ট চিকিৎসক ফজলুল আজিম ও আবুল কাশেমের মৃত্যুতে তাদের বিষয়েও মন্ত্রিসভা শোক প্রকাশ করেছে।”
বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন স্বাধীনতা ও একুশে পদকজয়ী চিকিৎসক এম আর খান গত ৫ নভেম্বর মারা যান।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. আবুল কাশেম এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের ভূতপূর্ব প্রধান ডা. ফারুক আনোয়ারুল আজিমও গত ৫ নভেম্বর মারা যান।
