টিভিতে বিদেশি ‘আগ্রাসন’ বন্ধে এক প্ল্যাটফর্মে কলাকুশলীরা
বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের দাবিতে টিভি নাটক সংশ্লিষ্ট ১২টি সংগঠনের সদস্যরা এবার নতুন এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন শুরু করছেন।
রোববার এক সংবাদ সম্মেলনে ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন’ (এফটিপিও) নামের এই সংগঠনের ঘোষণা দেওয়া হয়।
‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন’, ‘ডিরেক্টরস গিল্ড’, ‘টেলিভিশন নাট্যকার সংঘ’, ‘অভিনয়শিল্পী সংঘ’, ‘ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ’, ‘শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন’, ‘টেলিভিশন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন’, ‘মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন’, ‘টেলিভিশন লাইট হাউজ অ্যাসোসিয়েশন’, ‘টেলিভিশন লাইট ক্রু অ্যাসোসিয়েশন’, ‘সহকারী পরিচালক সমিতি’, ‘প্রযোজনা ব্যবস্থাপক সমিতি’-এই ১২টি সংগঠন নিয়ে এফটিপিও গঠিত হয়েছে।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে নতুন এই সংগঠনের আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হয়েছেন গাজী রাকায়েত।
জাতীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে-
• দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল/অনুষ্ঠান বন্ধ করতে হবে।
• টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট/এজেন্সির হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে।
• দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে। কাজ করতে হলে সরকারের অনুমতি এবং সংশ্লিষ্ট সংগঠনসমূহে নিবন্ধিত হতে হবে। অনুষ্ঠান নির্মাণের প্রয়োজনে সরঞ্জামাদি (ক্যামেরা, লাইট অন্যান্য) বিদেশ থেকে আনার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে।
• টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে ন্যূনতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ করতে হবে।
• ডাউন লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, “খণ্ড নাটকের বাজেট আড়াই লাখ টাকা থেকে ৬০ হাজার টাকায় কেন নেমে এলো? ৬০ হাজার টাকার নাটক দিয়ে এখন ১০ লাখ টাকার বিদেশি সিরিয়ালের সঙ্গে আমাদের প্রতিযোগিতায় নামানো হচ্ছে। বলা হচ্ছে, আমাদের নাটকের মান খারাপ। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন ঘুরে দাঁড়াতে হবে।”
টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা বলেন, “নব্বই দশকেও আমাদের দেশের নাটক বিদেশে প্রশংসা কুড়িয়েছে। কলকাতার সবাই আমাদের নাটক দেখেছে। কিছু অনিয়মের জন্য আমাদের নাটকের মান নেমে গেছে, এখন শৃঙ্খলা আনতে হবে। টিভি নাটকের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এর জন্য সবাই এক প্লাটফর্মে দাঁড়িয়েছি।”
মামুনুর রশিদ বলেন, “টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সি ঢুকে পড়ায় আমাদের নাটকের মান নষ্ট হচ্ছে। ফলে একদিক থেকে আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংস হচ্ছে, অন্যদিকে নির্মাতা ও অভিনয় শিল্পীরাও নষ্ট হচ্ছে। বিদেশি সিরিয়ালের জন্য আমাদের প্রডাকশনসহ সংস্কৃতি অঙ্গনের সকল কার্যক্রম মুখ থুবড়ে পড়ে আছে। এমনকি শ্যুটিং স্পটগুলোও এখন খালি পড়ে থাকে।
“চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের এসব সমস্যা থেকে উত্তরণ এবং দেশীয় সংস্কৃতি রক্ষার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব।”
তিনি জানান, ২৬ নভেম্বর এফটিপিওর সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, ২৯ নভেম্বর সংবাদ সম্মেলন এবং ৩০ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে টিভি চ্যানেলে বিদেশি সিরিয়াল প্রচারের বন্ধে সমাবেশ হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অভিনয় সংঘের সদস্য সচিব আহসান হাবিব নাসিম, প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার পাঠান, অভিনেতা শামস সুমন, শহিদুল আলম সাচ্চু, মেজবাহ উদ্দীন সুমন, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
দীপ্ত টিভিতে তুর্কি সিরিয়াল ‘সুলতান সুলেমান’র ধারাবাহিকতায় একাধিক চ্যানেলে শুরু হয়েছে বিদেশি সিরিয়াল প্রচার। এ তালিকায় রয়েছে- মাছরাঙা টিভিতে ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’, আরটিভির ‘সিনড্রেলার বোন’, গাজী টিভির ‘আলিফ লায়লা’, একুশে টিভির ‘সীমান্তের সুলতান’ ও ‘হাতিম’।
