২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ত্রাস নিয়ে দিল্লি, ঢাকার এক সুর’

সন্ত্রাসবাদের বিষয়ে বাংলাদেশের সঙ্গে কোনো মতভিন্নতা নেই বলে জানিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়া দিল্লি প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 02:37 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

পাঠানকোট ও উরি হামলার পর ঢাকার উদ্বেগে সাধুবাদ জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং  একথা বলেছেন।

দিল্লি সফররত বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শুক্রবার নর্থ ব্লকে তার সঙ্গে দেখা করতে গেলে নানা বিষয়ের সঙ্গে সন্ত্রাসবাদের প্রসঙ্গও আলোচনায় আসে।

রাজনাথ সিং বলেন, সন্ত্রাসবাদের উৎপত্তি কোথা থেকে হয় এবং সেটাকে দক্ষিণ এশিয়া থেকে কীভাবে নির্মূল করতে হবে এবিষয়ে দুই দেশের মধ্যে কোনো মতভিন্নতা নেই।

“মানব পাচার ও জাল নোট পাচারসহ উদ্বেগজনক বিভিন্ন বিষয় মোকাবেলার বিষয়েও উভয় দেশের মধ্যে সমঝোতা রয়েছে।”

এসময় ভারতীয় বিদ্রোহী গোষ্ঠিগুলোকে নিজ দেশের মাটি থেকে তাড়িয়ে দেওয়ায় বাংলাদেশকে তিনি ধন্যবাদ জানান।

দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবহাওয়া পূর্বাভাস এবং ‘স্যাটেলাইট ইমেজারি’ ও ‘রিমোট সেন্সিং ডেটার’ তাৎক্ষণিক বিনিময়ের বিষয়ে ভারতের সহায়তা চান, যাতে বন্যা ও সাইক্লোনের মতো দুর্যোগের ঝুঁকি কমানো যায়।

ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার বিষয়ে বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য সহায়তা চান তিনি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে সহায়তার পাশাপাশি গুজরাট ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টসহ প্রধান প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি উদ্ধার ও ত্রাণকর্মীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া আশ্বাস দেন।