ক্যাডার নন-ক্যাডারদের বেতনে কেন সমমর্যাদা নয়: হাই কোর্ট
পিএসসির মাধ্যমে নিয়োগ হওয়া নন-ক্যাডার কর্মকর্তাদের কেন নবম পে স্কেলে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সম মর্যাদায় অনুর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এই রুল দেয়।
বিভিন্ন অধিদপ্তর, বিভাগ ও মন্ত্রণালয়ে নন-ক্যাডার হিসাবে যোগদানকারী ৪৭ জন কর্মকর্তার দায়ের করা রিটে এই আদেশ হয়। রিটকারীরা ২৮তম থেকে ৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নন-ক্যাডার পদে যোগ দেন।
জনপ্রশাসন সচিব, আইন সচিব, অর্থ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাস্তবায়ন) এবং সরকারি কর্ম কমিশনের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী খোন্দকার শাহরিয়ার শাকির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাকির বলেন, গত এপ্রিলে বাংলাদেশে গেজেটে প্রকাশিত চাকুরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ এর মাধ্যমে জাতীয় বেতন স্কেল ২০১৫ তে একটি সংশোধনী আনা হয়। এতে বিসিএস ক্যাডারদের ২৩ হাজার একশত টাকা এবং নন- ক্যাডারদের জন্য ২২ হাজার টাকা প্রারম্ভিক বেতন নির্ধারণ করা হয়।
“এর ফলে জনপ্রশাসনের অধীন সরকারি পদসমূহের মর্যাদা ও বেতন নির্ধারণে বৈষম্য এবং অসুবিধার সৃষ্টি হয়েছে,” বলেন শাকির।
