‘শুধু ফেইসবুকে প্রতিবাদ নয়, ধর্ষণ প্রতিরোধে নামতে হবে’
হত্যা-ধর্ষণের বিরুদ্ধে অনলাইনে সোচ্চার থাকার পাশাপাশি পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এসেছে রাজধানীর একটি সমাবেশ থেকে।
দিনাজপুরে পাঁচ বছরের একটি শিশু ধর্ষণের প্রেক্ষাপটে রোববার বিকালে শাহবাগে ‘লেখক শিল্পী সংস্কৃতি কর্মীবৃন্দ’ ব্যানারে ধর্ষণবিরোধী এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বাংলাদেশ শিশু ফাউন্ডেশনের সংগঠক শেখ ফরিদুল ইসলাম বলেন, “কেবল ফেসবুকে লিখে নয়, মাঠে-ঘাটে যেখানে ধর্ষণ নির্যাতনের ঘটনা ঘটে তার প্রতিরোধ করতে হবে। পরিবার থেকে শিক্ষা দিতে হবে- নির্যাতন বিরোধিতার শিক্ষা। সেটা করতে না পারলে আমরা মানবিক বাংলাদেশ গড়তে পারব না।”
সংস্কৃতিকর্মী জাকিয়া শিশির বলেন, “উন্নয়নের নামে কেবল রাস্তাঘাট, ভবন আর ফ্লাইওভার নির্মাণ আমরা চাই না। আমরা চাই মানবিক উন্নয়ন, যেটা আমাদের শিশু ও নারীদের নিরাপদ রাখবে।
গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাড়ির সামনে থেকে পাঁচ বছরের ওই শিশু নিখোঁজ হয়। পরদিন বাড়ির পাশে হলুদক্ষেত থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লেখক অদীতি ফাল্গুনী বলেন, “একটি ৫ বছরের শিশুকে ২৮ ঘণ্টা আটকে ধর্ষণ করা হলো, তার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কুচি কুচি করে কাটা হলো, কিন্তু এর বিরুদ্ধে বিদেশি সংস্থার টাকায় চলা এনজিও, কোনো রাজনৈতিক দলের বক্তব্য এখনো পর্যন্ত আসেনি।”
উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, “সমাজ-রাষ্ট্রের কী এমন হলো, আমরা যখনই এসিড সন্ত্রাসের খবর দেখি তখন পত্রিকার পাতায় শুধু এসিড সন্ত্রাসের ঘটনা পাই। যখন ইভটিজিংয়ের ঘটনা ঘটে তখন কেবল ইভটিজিংয়ের ঘটনা। এখন শিশুদের ধর্ষণের ঘটনা মাত্রাতিরিক্ত পরিমাণে ঘটার বিষয় পত্রিকার পাতায় আসছে।
”সামাজিক অবক্ষয় আমাদের মানবিকতাকে ঘুণে পোকার মতো খেয়ে ফেলছে, কিন্তু আমরা দেখছি না। আমরা শিশুদের শৈশব কেড়ে নিচ্ছি বিভিন্নভাবে। এখন তাদের ন্যূনতম বাঁচার অধিকারটুকুও ঠিকমতো দিচ্ছি না।”
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে অ্যাডভোকেট শাহিদা বেগম, প্রকাশক রবীন আহসান, গণজাগরণ মঞ্চের সংগঠক আকরামুল হক, ‘এক রঙ্গা এক ঘুড়ি’ সংগঠনের প্রতিষ্ঠাতা মাহমুদুল ইসলাম, ’পরিবর্তন চাই’ সংগঠনের সংগঠক দিদারুল ইসলাম ভূঁইয়া বক্তব্য দেন।
