তুরিন আফরোজের অভিযোগে সন্দেহভাজন তরুণ আটক
আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের অভিযোগে সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে পুলিশ।
আব্দুল মান্নান (১৭) নামে ওই তরুণ গত ২৭ অক্টোবর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তুরিন আফরোজের কক্ষে ঢুকে অসংলগ্ন কথা বলছিলেন।
রোববার ওই তরুণকে ডেকে সেদিনের আসার কারণ জানতে চাইলে তিনি যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লা ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের জন্য তুরিনকে দায়ী করেন বলে তার অভিযোগ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকতা করেন আইনজীবী তুরিন। বিশ্ববিদ্যালয়টিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা মান্নান নামে ওই তরুণ মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের দাবি।
ঘটনার পর রোববার বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তুরিন।
থানার ওসি এমএ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।”
তুরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৭ অক্টোবর বেলা ১১টায় মান্নান তার কক্ষে ঢুকে অসংলগ্ন কথা বলছিলেন।
“তখন আমি কক্ষে ছিলাম না। আমার সহকারী ওই ছেলেকে তার পরিচয় এবং আসার কারণজিজ্ঞাসা করলে সে উত্তরে বলে- তার নাম মান্নান এবং সে তার খালাকে খুঁজতে এসেছে। তার খালার পরিচয় জানতে চাইলে সে অসংলগ্ন উত্তর দিতে থাকে।”
সেদিন বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা অনুষ্ঠান থাকায় বিষয়টি খতিয়ে দেখা হয়নি তুরিনের। রোববার বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওই তরুণকে ডেকে পাঠান।
তুরিন বলেন, “তাকে আসার কারণজিজ্ঞাসা করলে সে বলে-‘আমি আপনাকে চিনি। আপনি তুরিন আফরোজ। কাদের মোল্লা আর সালাউদ্দিন কাদেরকে আপনি ফাঁসি দিছেন। আমি আপনার কাছে আসছিলাম। কী কারণে এসেছিল, তা জিজ্ঞেস করা হলে সে নিশ্চুপ ছিল।তবে সে বলেছে যে ১৩ বছর বয়সে সে একটি খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে তিন বছর কিশোর সংশোধনাগারে ছিল।”
তুরিনের সহকারী ফারাবি বিন জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেটিকে পুলিশের হাতে ন্যস্ত করা হয়েছে। ইতোমধ্যে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে।”
তবে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত)নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,মান্নানের সঙ্গে নাজমুল নামে আরেকজনকে থানায় আনা হয়েছে।
“নাজমুল বিশ্ববিদ্যালয়ের ক্লিনার। এই নাজমুলই গত বৃহস্পতিবার মান্নানকে বিশ্ববিদ্যালয়ে কাজ করার নাম করে নিয়ে আসে।”
মান্নানের পায়ে ডান্ডাবেড়িছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মান্নানের মা পুলিশকে জানিয়েছেন, তার ছেলে মানসিকভাবে অসুস্থ। এই কারণে তাকে ডাণ্ডাবেড়িপরিয়ে আটকে রাখা হত। তবে মাঝে মধ্যে সে ভালো হয়, আবার খারাপ হয়।
