ভাটারায় কিশোরী ধর্ষণের অভিযোগ
রাজধানীর ভাটারায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার শহীদের ছোটভাই খন্দকার রাশেদুল (৩৬) ধর্ষণ করেছে বলে ওই কিশোরীর ভাইয়ের অভিযোগ।
ওই আওয়ামী লীগ নেতা অভিযোগ অস্বীকার না করে বলেছেন, তার ভাই দোষী হলে তার শাস্তি চান তিনি।
১২ বছরের মেয়েটিকে শনিবার রাতে হাসপাতালে আনা হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো.বাচ্চু মিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মেয়েটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।”
ওই কিশোরীর ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাশেদুল শনিবার রাত ৮টার দিকে আমার বোনকে ভাটারার সমিরউদ্দিন মার্কেটে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।”
এরপর বোনকে তিনিই হাসপাতালে নিয়ে আসেন বলে স্থানীয় এই ডেকোরেশন ব্যবসায়ী জানান।
এবিষয়ে খন্দকার শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভাই যদি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এখানে কোন ছাড় দেওয়ার সুযোগ নাই।”
তিনি জানান, রাশেদুল রোববার দুপুর থেকে বাড়িতে নেই। তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
মীমাংসার চেষ্টা করছেন কি না জানতে চাইলে শহীদ বলেন, “এখানে মীমাংসা বা সমঝোতার কোনো সুযোগ নাই। অপরাধী হলে তাকে আইনের আওতায় আনতে হবে।”
এবিষয়ে ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাশেদুল ওই মেয়েটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পেয়েছি। তবে ভিকটিমের পরিবার কোনো মামলা করেনি।”
