রাস্তায় চলাচল সহজ করতে পদক্ষেপের দাবি দৃষ্টি প্রতিবন্ধীদের
রাস্তায় চলাচলে নানা ধরনের হয়রানির কথা জানিয়ে ‘প্রবেশগম্যতা’ অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি ( ভিপস)।
শনিবার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিআরইউ) দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
বিশ্ব সাদাছড়ি দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত এই সভায় ভিপস এর সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম বলেন, “আমরা মনে করি সকল স্থানে প্রবেশগম্যতা অর্থাৎ যে কোনো স্থানে সহজেই চলাফেরা করতে পারা আমাদের অধিকার।”
আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)পরিচালক মাহবুব-ই-রব্বানী।
তিনি বলেন, “সরকার সড়ক ও পরিবহন আইন প্রণয়ন করতে যাচ্ছে, যাতে দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল সহজ করার বিষয়টি উঠে আসবে বলে আশা করছি।”
দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় প্রবেশ করাতে তার পক্ষ থেকে ‘যা যা করা সম্ভব’ সবই করবেন বলে আশ্বাস দেন তিনি।
এসময় দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা রাস্তায় চলাচলে তাদের বিভিন্ন সমস্যার কথা বিআরটিএ পরিচালকে কাছে তুলে ধরেন।
ভিপস-এর সভাপতি সাইদুল হক ‘পাবলিক ট্রান্সপোর্ট-এ উঠতে পারেন না’ জানিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, অধিকাংশ বাস চালক এবং ট্রাফিক পুলিশরা সাদাছড়ি কি তাই জানেন না।
তিনি বাস ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার সময় সাদাছড়ি বিষয়ে অবগত কিনা তা খতিয়ে লাইসেন্স দেওয়া এবং ট্রাফিকদের দৃষ্টি প্রতিবন্ধীদের শনাক্ত ও সহায়তা বিষয়ক বিশেষ প্রশিক্ষন দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মফিজুল আহমেদ ট্রাফিক পুলিশদের সচেতন করার জন্যে প্রশিক্ষণ প্রোগ্রাম হাতে নেওয়া হবে বলে আশ্বাস দেন।
তিনি বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করার জন্যে আমাদের তরফ থেকে সম্ভাব্য সকল সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।”
সাদাছড়ি বিষয়ে ড্রাইভারদের জ্ঞান খতিয়ে লাইসেন্স দেওয়ার কথা নিশ্চিত করেন বিআরটিএ-এর পরিচালক মাহবুব-ই-রব্বানী।
তিনি বলেন, “আমরা প্রতিমাসেই ড্রাইভারদের প্রশিক্ষণ দিয়ে থাকি যাতে আমি সাদাছড়ি বিষয়টি এবার অন্তর্ভুক্ত করব। আপনাদের আজকের বক্তব্য অনুযায়ী বিআরটিএ-এর বিজ্ঞাপন স্লোগান তৈরি করা হবে।”
অনুষ্ঠানে ভিপস-এর সহ সভাপতি দৃষ্টি প্রতিবন্ধীদের রাস্তায় চলাচল সহজ করতে বেশ কিছু দাবি পেশ করেন, যার মধ্যে বাস ও ট্রেনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ভাড়া মওকুফ করা, গণপরিবহনে ৫% সংরক্ষিত আসন নিশ্চিতকরণ, যানবাহন চালক ও মেট্রো পলিটন পুলিশদের সচেতন ও সাবধানী হওয়া এবং সাদাছড়ি ব্যবহার বিষয়ে বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ প্রদান, দৃষ্টি প্রতিবন্ধীদের নামমাত্র বা বিনামূল্যে সাদাছড়ি প্রদান ও ব্যবহারে উদ্বুদ্ধ করা রয়েছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে আয়োজকদের পক্ষ থেকে সাদাছড়ি বিতরণ করা হয়।
