২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার কদমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজধানীর কদমতলীর নিজবাড়িতে বৃদ্ধ এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 06:22 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

নিহত মোহর আলী (৬০) জুরাইন মেডিকেল রোডের ৩৩৩/৩ নম্বর বাড়ির দোতলায় সপরিবার থাকতেন। বাড়ির নীচতলায় তার মোজা তৈরির কারখানা আছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া সাংবাদিকের জানান, মোহর আলীকে শনিবার বিকাল সাড়ে ৪টায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

মোহর আলীর কারখানার কর্মচারী ইব্রাহিম হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুরের পরে ওই বাড়ির দোতলায় চিৎকারে শুনে তারা দৌড়ে উঠে মোহরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তার ছেলে সুমনকে দোতলা থেকে চলে যেতে দেখা যায়।

‘মাদকাসক্ত’ সুমন তার বাবাকে হত্যা করে থাকতে পারে বলে ওই কর্মচারীর ধারণা।

তবে ছেলে মাদকাসক্ত হলেও চিকিৎসার পর সে ভাল হয়ে গিয়েছিল বলে দাবি করেন মোহর আলীর স্ত্রী আমেনা বেগম।

হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, “কিছুদিন আগে ভারত থেকে ছেলের চিকিৎসা করিয়ে আনা হয়েছে। চিকিৎসার আগে ছেলে তাকে এবং তার বাবাকে মারধর ও গালমন্দ করতো।

ঘটনার সময় তিনি বাসায় থাকলেও পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে কদতলী থানার এসআই রাফিউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে তাদের একাধিক দল ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছে। পুরো তথ্য এখনো পাওয়া যায়নি।