আ. লীগের সম্মেলনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আসন্ন ২০তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির অভ্যর্থনা উপ-কমিটির দুই সদস্যদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে আবদুল হামিদকে আমন্ত্রণ জানান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
আওয়ামী লীগের অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সদস্য ফারুক খান বঙ্গভবনে যান।
প্রেস সচিব সাংবাদিকদের বলেন, “প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতিকে সম্মেলনে বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। তারা রাষ্ট্রপতিকে আরও জানান, বিভিন্ন দেশের রাজনৈতিক দলের ৫০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি সম্মেলনের সাফল্য কামনা করেন।”
আগামী ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাওয়া আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
