২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারীরিক প্রতিবন্ধীদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার

দুবাইয়ে শারীরিক প্রতিবন্ধীদের এবারের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।

সুলাইমান নিলয়

দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2016, 05:58 PM

Updated : 11 Oct 2022, 08:55 PM

পুরনো খবর:

শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেটে ইংল্যান্ডের কাছে পাকিস্তানেরও হার
প্রতিবন্ধী ক্রিকেট: লক্ষ্য এবার ফাইনালে

বাংলাদেশ, ইংল্যান্ড ও পাকিস্তানের অংশগ্রহণে সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

বৃহস্পতিবার টসে জিতে বোলিং নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান নাইন। বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে। জবাবে ১৮ ওভার ৫ বলে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড।

দুপুর ১২টায় খেলা শুরুর পর ব্যাট করতে নেমে মো. মনিরুজ্জামান প্রথম বলেই হিউগো হ্যামল্ডের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হলে প্রথমেই দল কিছুটা চাপে পড়ে। তবে উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ভূইয়ার সঙ্গে মিলে অপূর্ব কুমার পাল প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। ১২ বল খেলে ১২ রান করে অপূর্ব বোল্ড হয়ে যান।

খেলা শেষে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন রিয়াদুল ইসলাম রিঙ্কু। ২২ বলে ২৯ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন জাভেদ ভূইয়া। শাহারিয়া শামীম ২১ বলে ২৩ রান করেন। অধিনায়ক আলম খান করেন ২০ বলে ১৪ রান। এ ছাড়া তীর্থ ১ রান, মনির হোসেন ৬ রান এবং জাহিদ ৫ রান করেন। ইংল্যান্ডের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান গর্ডন ল্যাইডলও শূন‌্য রানে আউট হয়ে গেলেও দ্রুতই দলটি ছন্দে ফেরে। দলের পক্ষে ৪৯ বল খেলে সর্বোচ্চ ৬৩ রান করে লিয়াম থমাস ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

জেমি গুডউইন ২৯ বলে ২৬ রান করেন। অধিনায়ক ইয়ান নাইন ১৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ১৩ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন জর্ডান উইলিয়ামস। মাঝে ক্যালাম ফ্লিন শূন‌্য রানে আউট হন।

বাংলাদেশের পক্ষে আলম খান ১ উইকেট, মনিরুজ্জামান ২ উইকেট এবং রিয়াদুল ইসলাম রিঙ্কু ১ উইকেট পান। ইংল্যান্ডের পক্ষে জোশ মিড পান ২ উইকেট, ডেনিয়েল রেনাল্ডোপান ১ উইকেট, ফ্রেড ব্রিজেস ২ উইকেট, ক্যালাম ফ্লিন পান ১ উইকেট।

খেলা শেষ হওয়ার পর বাংলাদেশ দলের প্রধান কোচ মাসুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে রকম বেইজ ছিল, তাতে দেড়শ রান হওয়ার কথা। মাঝে আউট হয়ে যাওয়ার ঠেকিয়ে খেলতে যায় ব্যাটসম্যানরা। তাতে চড়ে বসে ইংল্যান্ড।

“এ ছাড়া ফিল্ডিংয়ে দুইটা ক্যাচ ছেড়ে দিয়েছে, যা হওয়ার কথা না। এটাও কাল হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা সামঞ্জস্যপূর্ণ ছিল না। আমি আমার মতো খেলব। অন্যভাবে গিয়েই সমস্যা হয়েছে।”

সামনের ম্যাচগুলোতে দল ভালো করবে এমন আশা রাখেন তিনি।

‘ঠিকমতো’ খেলতে পারলে বাংলাদেশ দল সর্বোচ্চ ফল পেতে পারে-খেলা শুরুর আগে এমন আশা প্রকাশ করেছিলেন কোচ। তবে প্রথম ম্যাচ হারলেও ফাইনালে খেলার আশা এখনেও শেষ হয়ে যায়নি।

ফাইনালের আগে প্রতিটি দলই অন‌্য দুই দলের বিপক্ষে ২টি করে মোট চারটি ম্যাচ খেলবে। আগামী ২৪ অক্টোবর শারজায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো গত বছর ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান ছাড়াও অংশ নেয় ভারত ও আফগানিস্তান।

আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দারুণ সূচনা করেছিল। তবে পরদিনই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২০ রানে পাকিস্তানের কাছে হেরে যায়। ওই প্রতিযোগিতায় পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

সফল সেই আয়োজনে সুখস্মৃতি থেকেই দুবাইয়ে আইসিসি একাডেমি ফিজিকাল ডিজেবিলিটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট’ শিরোনামে এই টুর্নামেন্টের আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে বাংলাদেশ দলকে এবারও সহযোগিতা দিচ্ছে আইসিআরসি।