২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’

গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্যদের উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৬’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 03:21 PM

Updated : 12 Apr 2022, 03:06 AM

শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১০ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। 

এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে

বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং নৃত্য ও সঙ্গীত মিলনায়তনে ভারতের তিনটি, ঢাকার ২৫টি ও ঢাকার বাইরের দু’টিসহ ৩০টি নাট্যদলের মঞ্চনাটক প্রদর্শিত হবে।

এছাড়া উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ৫৩টি সংগঠনের আবৃত্তি, সংগীত, নৃত্য ও পথনাটক পরিবেশিত হবে।

পর্ষদের আহ্বায়ক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “এবারের উৎসবে আমরা প্রতিবারের মতো নাটকের পাশাপাশি শিল্পকলার অন্যান্য শাখাগুলোও যোগ করছি। নাটকের পাশাপাশি গান-কবিতা-নাচকেও যুক্ত করেছি।

শিল্পকলার নাট্যোৎসবগুলোতে পুরনো নাটকের অন্তর্ভুক্তি নিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদাররা ক্ষোভ প্রকাশ করায় সেই প্রসঙ্গটিও উঠে আসে সংবাদ সম্মেলনে।

গোলাম কুদ্দুছ বলেন, “কোন নাটকটি ভালো, কোন নাটকটি মন্দ- তা তো নাটক না দেখে বলা যাবে না। এবার উৎসবে আমরা প্রবীণ-নবীনের সমন্বয় করেছি। এমন কিছু নাটক আছে, যার প্রধানতম অভিনেতা বা নির্দেশকদের হয়তো আমরা সামনে পাব না। তাই আমরা দর্শকের সামনে তাদের বেশি বেশি করে উপস্থাপন করতে চাই।”

এর আগে ভারতের অনীক থিয়েটারের নাটক নিয়ে নাট্যকর্মী, দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও তাদের এবারও ‘গঙ্গা যমুনা নাট্যোৎসব’ এ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে কুদ্দুছ বলেন, “মূলত ভারতের অনীক থিয়েটারই এ উৎসবের শুরু করে। তাদের অনুপ্রেরণাতেই এই উৎসবের শুরু। তাছাড়া তাদের উৎসবেও বাংলাদেশের নাটকের দলগুলোকেও তারা আমন্ত্রণ জানায়। তাই বলা যায়, অনেকটা কৃতজ্ঞতাবোধ থেকে তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি।”

পরে উৎসব পর্ষদের সদস্যরা জানান, উৎসবে মঞ্চ নাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ও পথনাটকে ভারত ও বাংলাদেশের ৮৩টি দল অংশগ্রহণ করবে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন ৪টা থেকে ৬.৩০ মি. পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে।

এবারের উৎসবে সংস্কৃতি মন্ত্রণালয়ের পাশাপাশি সহযোগিতা করছে ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

২১ অক্টোবর উদ্বোধনী সন্ধ্যায় মূল হলে মঞ্চস্থ হবে ভারতের হ-য-ব-র-ল নাট্যদলের নাটক ‘ঈপ্সা’, পরীক্ষণ থিয়েটার হলে প্রাঙ্গণেমোরের ‘ঈর্ষা’ এবং স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে কণ্ঠশীলনের নাটক ‘যা নেই ভারতে’।

উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী দলগুলো ২২ অক্টোবর বহ্নিশিখা, সুরসাগর ললিতকলা একাডেমি, কন্ঠশীলন, স্বরশ্রুতি ও নাট্যদল। ২৩ অক্টোবর ক্রান্তিÍশিল্পী গোষ্ঠী, গীতশতদল, স্বরকল্পন, আবৃত্তি একাডেমি, নৃত্যাক্ষ ও নাট্যভূমি।