সব তোমাদের জন্যই: শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিশুদের আধুনিক জ্ঞান-প্রযুক্তি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাই শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে প্রযুক্তি শিক্ষার উপর যে সরকার এখন গুরুত্ব দিচ্ছে, তা দেশের ভবিষ্যৎ কর্ণধার শিশুদের জন্যই।
বঙ্গবন্ধুপুত্র রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে একথা বলেন শেখ হাসিনা।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে ঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু রাসেলকেও। তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত ১১ বছরের রাসেল।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বর্তমান বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম।
একদিনে পরিবারের প্রায় সব সদস্যদের হারানো শেখ হাসিনা বিভিন্ন সময়ে বক্তব্যে বেদনার সঙ্গে তার আদরের ছোট ভাই রাসেলকে হত্যার বিষয়টি বলেন।
শিশু-কিশোরদের এই অনুষ্ঠানেও রাসেলের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা।
ভাই-বোনদের সঙ্গে শেখ রাসেল (কোলে)। এদের মধ্যে দুই বোনই কেবল বেঁচে আছেন (সংগৃহীত ছবি)
বাংলাদেশের শিশুদের মাঝে নিজের হারানো ছোটভাই রাসেলকে দেখতে পান জানিয়ে তাদের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজের প্রচেষ্টার কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, তা শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ডিজিটাল বাংলাদেশ হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও।
“তোমাদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য আজকে প্রযুক্তি শিক্ষাটাকে সবথেকে গুরুত্ব দিয়েছি।”
“বাংলাদেশের একটা মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহারা থাকবে না। প্রতিটি শিশু স্কুলে যাবে, পড়াশোনা করবে। নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে,সে ধরনের সমাজ ব্যবস্থা গড়ে তোলাটাই আমার লক্ষ্য,” বলেন শেখ হাসিনা।
অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশের এই পর্যায়ে আসার কথা তুলে ধরে ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে গড়ে উঠতে শিশুদের প্রতি পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “সবাইকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে।
“কারণ এদেশের ভবিষ্যৎ কর্ণধার তোমরাই হবে। তোমাদেরকে আজকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আধুনিক জ্ঞান-প্রযুক্তিসম্পন্ন মানুষ হতে হবে।”
শৃঙ্খলার সঙ্গে জীবন-যাপন এবং জঙ্গিবাদ ও মাদকথেকে দূরে থাকতে শিশুদের পরামর্শ দেন তিনি।
“মুক্তিযুদ্ধ করে বিজয়ী জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উচুঁ করে চলব,”- এই প্রতিজ্ঞা নিয়ে চলার আহ্বান জানান শেখ হাসিনা।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানও বক্তব্য দেন।
