২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা দ্বিতীয় পর্ব শুরু ঢাকায়

সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০১৬’ এর দ্বিতীয় পর্বের বাছাই শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 09:37 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

সোমবার সকালে রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপেক্সে শুরু হয় এই দ্বিতীয় পর্বের বাছাই।

এর আগে সারা দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিত প্রাথমিক বাছাই প্রতিযোগিতার মাধ্যমে এক হাজার ২৭৫ জন সাঁতারু দ্বিতীয় পর্বে উন্নীত হয় বলে প্রতিযোগিতার সহ আয়োজক বাংলাদেশি নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, দ্বিতীয় পর্বের বাছাইয়ে প্রতিযোগীদের শারীরিক কাঠামো, সাঁতারের স্টাইল এবং টাইমিং বিবেচনায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাচন কমিটি তৃতীয় পর্বের জন্য বয়সভিত্তিক নারী ও পুরুষ মোট ১৬০ জন প্রতিযোগীকে মনোনীত করবেন।

তৃতীয় পর্বে মনোনীত এই ১৬০ প্রতিযোগীকে বিদেশি প্রশিক্ষকের মাধ্যমে তিন মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জনের মধ্যে থেকে সেরা ৬০ জন সাঁতারু নির্বাচন করা হবে। নির্বাচিত সেরা ৬০ জন সাঁতারুর প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

সেরা এই ৬০ জন সাঁতারু বাংলাদেশ সুইমিং ফেডারেশনে যোগ দেবেন এবং তাদেরকে বিশ্ব মানের সাঁতারু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রতিযোগিতায় বয়সভিত্তিক ৪টি ইভেন্টের চূড়ান্তভাবে বিজয়ী সেরা ৪ জন নারী এবং ৪ জন পুরুষ সাঁতারুকে ৫ লক্ষ করে টাকা প্রদান করা হবে।

সেরা এই সাঁতারুদের লেখাপড়ার ব্যবস্থাসহ যাবতীয় ব্যয়ভার সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে বহন করা হবে।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদেরকে তুলে আনার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে এ সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়।

পাঁচমাসব্যাপী এর প্রাথমিক বাছাই কার্যক্রমে সারাদেশের ৬৪টি জেলার প্রত্যন্ত অঞ্চল হতে সাঁতারুরা অংশগ্রহণ করে।