ঢাকায় অনুমোদনহীন দুই বেকারিকে জরিমানা
নিষিদ্ধ ঘনচিনি ও টেক্সটাইল রং দিয়ে বিস্কুট-কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের দুটি বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিচালিত এ অভিযানে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান নেতৃত্ব দেন।
র্যাব -২ এর উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে বিএসটিআই।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, বিক্রয় ও সংরক্ষণ করা অভিযোগে মায়ের দোয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা এবং সেভেন স্টার ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে এই দুইটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা বিপুল পরিমাণ কেক, লাড্ডু, পাউরুটি, টোস্ট ধ্বংস করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করে এই দুইটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কেক, লাড্ডু, পাউরুটি, টোস্টসহ বেকারি পণ্য উৎপাদন ও বিপণন করে আসছে।
এছাড়া মানব দেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লোমেট), অ্যামোনিয়াম হাইড্রোজেন ও নিষিদ্ধ টেক্সটাইল রং পাওয়া যায় এই দুটি কারখানায়।
এসব নিষিদ্ধ দ্রব্য খাবার পণ্যে ব্যবহার করা হয়ে থাকে বলে মায়ের দোয়া ফ্যাক্টরির ম্যানেজার মো. ফারুক মিয়া (৩৫) স্বীকার করেন।
অবৈধ এবং নিয়ম বর্হিভূতভাবে বেকারি পণ্য তৈরি করে বাজারজাত করার কথা সেভেন স্টার ফুডের প্রধান কারিগর মোশাররফ হোসেনও (৩০) ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
