২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিমের ‘খুনি’ সূত্র দেবে জুলহাজ খুনেরও, আশা পুলিশের

অনলাইন অ‌্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদের খুনি সন্দেহে গ্রেপ্তার রাশিদুন নবীকে জিজ্ঞাসাবাদে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নানের খুনিদের বিষয়ে তথ‌্য মেলার আশা করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 08:01 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

রাজধানীর সায়েদাবাদ থেকে রোববার রাতে গ্রেপ্তার নবীকে সোমবার আদালতে নেয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন‌্য তিন দিন হেফাজতের আদেশ দেন বিচারক।

আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত নবী এই বছরের ৬ এপ্রিল রাতে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ‌্যালয়ের ছাত্র নাজিমের উপর হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন বলে পুলিশের দাবি।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “ওই খুনের ঘটনায় নবীসহ পাঁচজন অংশ নিয়েছিল। পাঁচজনের হাতেই ছিল চাপাতি। একজনের কাছে অতিরিক্ত হিসেবে আগ্নেয়াস্ত্র ছিল।”

জঙ্গি সংগঠনের ‘মাশুল’ হিসেবে নবী বিভিন্ন অভিযানের ‘সমন্বয়কের’ দায়িত্ব পালন করতেন বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

নাজিম ছাড়াও জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যায় সম্পৃক্ততার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবী স্বীকার করেছেন বলে মনিরুল জানান।

“(জুলহাজ হত‌্যাকাণ্ডে) তার কিছু ভূমিকার কথাও বলেছে নবী। প্রকাশক আহমেদ রশীদ টুটুল হত্যাচেষ্টার ঘটনায়ও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।”

টুটুল হত্যাচেষ্টায় আরও তিনজন এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Image
নাজিমুদ্দিন সামাদ

নাজিমুদ্দিন সামাদ

নাজিম হত্যায় জড়িত বাকি চারজনের সাংগঠনিক নামও নবী প্রকাশ করেছেন জানিয়ে মনিরুল বলেন, “তাকে রিমান্ডে পেলে ওই দুই ঘটনায় আরও তথ্য পাওয়া যাবে।”

নাজিম হত‌্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় কলাবাগানে ঘরে ঢুকে কুপিয়ে হত‌্যা করা হয় জুলহাজ ও তনয়কে। তার আগে গত বছরের ৩১ অক্টোবর লালমাটিয়া শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে হত‌্যার চেষ্টা করা হয় প্রকাশক টুটুলকে।

টুটুলের উপর হামলার সময় শাহবাগে আরেক হামলায় কুপিয়ে হত‌্যা করা হয় জাগৃতী প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে।

গত বছর বেশ কয়েকজন লেখক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট জঙ্গি হামলায় নিহত হন। এরপর সবচেয়ে বড় হামলা হয় এই বছরের জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিতে।

গুলশানের ওই ক‌্যাফেতে হামলায় ১৭ বিদেশি নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর গত কয়েক মাসে কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি।

নাজিমকে হত‌্যার জন‌্য ‘বাসাও ভাড়া করে জঙ্গিরা’

ফেইসবুকে নাজিমুদ্দিন সামাদের লেখালেখি পর্যবেক্ষণ করে তাকে হত‌্যার পরিকল্পনার পর তা বাস্তবায়ন করতে তার চলাচলের পথের কাছে জঙ্গিরা বাসাও ভাড়া নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আনসার আল ইসলামের নবীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ‌্য পাওয়া গেছে বলে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল সংবাদ সম্মেলনে জানান।

সিলেটের নাজিম (২৭) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ছিলেন। থাকতেন গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোডের একটি বাসায় এক বন্ধুর সঙ্গে।

Image
এই স্থানে খুন হন নাজিমুদ্দিন সামাদ

এই স্থানে খুন হন নাজিমুদ্দিন সামাদ

গত ৬ এপ্রিল বন্ধুসহ বাসায় ফেরার সময় সূত্রাপুর থানা এলাকার ইকরামপুর মোড়ে হৃষিকেশ দাস রোডে আক্রান্ত হন নাজিম। হামলাকারীরা তাকে প্রকাশ‌্যে কুপিয়ে মেরে চলে যায়।

মনিরুল বলেন, “খুনিরা ওই এলাকা রেকি করেছিল। নাজিমের গতিবিধির দিকে নজর রাখতে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেছনে বাসা ভাড়া নিয়েছিল।

“তাদের ভাষায় সেটিকে মারকাজ বলা হয়। নাজিম কোথায় থাকে, কার সঙ্গে চলাঘেরা করে- এইসব বিষয় খুনিরা নজরে রাখত।”

এপ্রিলে হত‌্যাকাণ্ডের আগে তিন মাস ধরে নাজিমকে অনুসরণ করা হচ্ছিল বলে পুলিশ জানায়।  

কী কারণে নাজিমকে হত‌্যা করা হয়- প্রশ্নের উত্তরে মনিরুল বলেন, “নাজিমকে লেখালেখির কারণে নাস্তিক হিসেবে চিহ্নিত করা হয়েছিল সংগঠনের (আনসার আল ইসলাম) পক্ষ থেকে। তার ব্যাপারে তথ্য সংগ্রহ করে সেটি আনসার আল ইসলামের নেতাদের কাছে জমা দেওয়া হয়েছিল।”

সাবেক ছাত্রলীগ নেতা নাজিম সিলেট বঙ্গবন্ধু যুব পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তিনি অনলাইনে মুক্তিযুদ্ধের পক্ষে এবং ধর্মান্ধতার বিরুদ্ধে লিখতেন।

সিলেটে গণজাগরণ আন্দোলনের সংগঠক নাজিমের লেখায় সরকারের সমালোচনাও আসত। হেফাজতের আন্দোলনের সময় ‘নাস্তিক ব্লগারদের’ যে কথিত তালিকা কয়েকটি গণমাধ্যমে এসেছিল, তাতে তার নামও ছিল।

পুরনো খবর:

ব্যস্ত স্থানে নাজিমকে মেরে হেঁটে চলে যায় খুনিরা: প্রত্যক্ষদর্শী
নাজিমুদ্দিন হত্যায় গ্রেপ্তার রাশিদুন নবী রিমান্ডে