২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিমুদ্দিন হত্যায় গ্রেপ্তার রাশিদুন নবী রিমান্ডে

অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার রাশিদুন নবীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতে পেয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 05:37 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

পুরনো খবর:

নাজিমুদ্দিন হত্যায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার

সোমবার রাশিদুনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন হেফাজতের আবেদন করেন মামলা তদন্তকারী ইউনিট-২ এর পরিদর্শক তাজুল ইসলাম।

আবেদন শুনে মহানগর হাকিম মারুফ হোসেন তিনদিন হেফাজত মঞ্জুর করেন বলে আদালতের পুলিশ কর্মকর্তা এসআই রাকিবুল আলম জানান।

রোববার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং গোয়েন্দা পুলিশ রাজধানীর সায়েদাবাদ থেকে রাশিদুনকে গ্রেপ্তার করে।

Image
নিহত নাজিমুদ্দিন সামাদের ফেইসবুক পাতা থেকে নেওয়া ছবি

নিহত নাজিমুদ্দিন সামাদের ফেইসবুক পাতা থেকে নেওয়া ছবি

গত বছর থেকে একের পর এক লেখক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, প্রকাশক জঙ্গি কায়দায় হামলার শিকার হওয়ার মধ্যেই চলতি বছর ৬ এপ্রিল রাতে পুরান ঢাকায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র নাজিমুদ্দিন সামাদ (২৭)।

সিলেট শাখা বঙ্গবন্ধু যুব পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক নাজিম গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। গেণ্ডারিয়ায় নিজের বাসায় ফেরার পথে সূত্রাপুরে তাকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়।