সেই অ্যাম্বুলেন্স চালকের সহকারী রিমান্ডে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় এক প্রসূতিসহ চারজন নিহত হওয়ার ঘটনায় চালকের সহকারী মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই শাহ-আলম এদিন অ্যাম্বুলেন্স সোহেলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
অন্যদিকে সোহেলের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে যুক্তি দেন।
শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের এসআই মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
শনিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের কাছে ‘মানব সেবা’ নামের দ্রুতগামী ওই অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আমেনা বেগম সূর্যি (৩৫) ছিলেন অন্তঃসত্ত্বা। আঘাতের কারণে তার পেটের সন্তানেরও মৃত্যু হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, নাসির মিস্ত্রী নামে একজন ওই অ্যাম্বুলেন্সের মালিক। তবে তিনি ঘটনার সময় গাড়িতে ছিলেন না। গাড়ি চালাচ্ছিলেন তার সহকারী সোহেল।
ঘটনার পরপরই পুলিশ সোহেলকে আটক করে। পরে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
