২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের মানববন্ধন

গাজীপুরের ডেল্টা কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শ্রমিক ছাঁটাই ও হয়রানির প্রতিবাদে মানববন্ধ করেছে গ্রিন  বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নামের সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 05:24 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জয়দেবপুরের ওই কারখানার অপারেটর রবিউলকে বেতন নিয়ে কথা বলার ‘অপরাধে’ কয়েকজন কর্মকর্তা মারধর করেন। ওইদিনই মেহেদী নামের আরেক শ্রমিককেও কারখানা কর্তৃপক্ষের লোকজন নির্যাতন করেন।

আহত শ্রমিকদের চিকিৎসার খরচও কর্তৃপক্ষ দেয়নি। শ্রমিকরা পরদিন থেকে বিক্ষোভ শুরু করলে ১৩ অক্টোবর কারখানার গেইটে শতাধিক শ্রমিককে ছাঁটাইয়ের নোটিস ঝুলিয়ে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন বলেন, “শ্রমিকদের বিনা নোটিসে ছাঁটাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বেআইনিভাবে ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে আবারও নিতে হবে।

জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, “মাসের নির্দিষ্ট সময়ে পার হয়ে যাওয়ার পর শ্রমিকরা তাদের বেতন চাওয়ায় তাদের মারধর করে মানবাধিকারের চরম অবমাননা করা হয়েছে। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করছি।”

গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমও মানববন্ধনে অংশ নেন।