রাজস্ব বাড়াতে চলছে নৌ-শুমারি
দেশের সব নৌযানকে নিবন্ধনের আওতায় এনে রাজস্ব আদায় বাড়াতে নৌ-শুমারি শুরু করেছে সরকার।
এ লক্ষ্যে নৌ মন্ত্রণালয় ৪৪ কোটি ৪৩ লাখ টাকায় তিন বছর মেয়াদী একটি প্রকল্প নিয়েছে।
‘ন্যাশনাল শিপস অ্যান্ড মোকানাইজড বোটস ডেটাবেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক ওই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের জুলাই মাসে।
রোববার সংসদ ভবনে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে এ তথ্য।
বৈঠক শেষে কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ কাজ শুরু করেছে; কাজ চলছে।”
শুমারির উদ্দেশ্য
>> ইঞ্জিনচালিত বোটসহ সারাদেশে অভ্যন্তরীণ নৌযানের তথ্য সংগ্রহ।
>> নৌযানের সব ধরনের সাধারণ ও কারিগরী তথ্য সম্বলিত ডেটাবেজ তৈরি।
>> নৌযানগুলোকে নিবন্ধনের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানো।
>> অনলাইন নিবন্ধন এবং সার্ভে সনদ ও নাবিক সনদ চালু করা।
>> নৌ যোগাযোগ খাতকে শক্তিশালী ও আধুনিক মনিটরিংয়ের আওতায় আনা।
নৌ মন্ত্রী শাজাহান খান গত জুলাই মাসে সংসদে এক প্রশ্নের জবাবে জানান, সারাদেশে মোট ১০ হাজার ২৯৬টি নিবন্ধিত নৌযান চলাচল করছে, যার মধ্যে যাত্রী পরিবহন করে ৯২৩টি।
এর মধ্যে বিআইডব্লিউটিএ এর ৬৯৫টি যাত্রীবাহী নৌযান নিয়মিত চলাচল করছে।
এর বাইরে স্পিড বোট, ট্রলারসহ বিভিন্ন ধরনের ছোট আকারের নৌযান দেশের নদীগুলোতে চলাচল করছে, যেগুলোর নিবন্ধন না থাকায় সঠিক সংখ্যাও জানা নেই।
সংসদীয় কমিটির কার্যপত্রের তথ্য অনুযায়ী, নৌপথে চলাচলকারী স্পিড বোটগুলো নিবন্ধনের আওতায় আনার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় কার্য়ক্রম শুরু করেছে।
স্পিড বোটের মালিকানার বিবরণ সম্বলিত তথ্য সংগ্রহের জন্য একটি ফরম তৈরি করে বিতরণ করা হয়েছে মাওয়া ও দৌলতদিয়া ঘাটের স্পিডবোট মালিকদের মধ্যে।
এছাড়া ছোট ছোট নৌযানের নিবন্ধনের ক্ষেত্রে ভ্যাট আদায় করার জন্য একটি কমিটি করা হয়েছে বলেও সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বেনাপোল স্থলবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়।
কমিটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন সব বন্দরগুলোতে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন এবং ঝিনাইদহ স্থল বন্দর দ্রুত চালু করার সুপারিশ করে।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বিভিন্ন স্থলবন্দরের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন মোট জমির পরিমাণ ২৬১ দশমিক ৭৩ একর এবং স্থলবন্দরের সংখ্যা ২৩টি।
রফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, আব্দুল হাই, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মো. আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম বৈঠকে অংশ নেন।
