২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অযত্নে হারানোর পথে জগন্নাথ হলের ‘অক্টোবর স্মৃতি’

সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ‘অক্টোবর স্মৃতি ভবনে’ সংরক্ষিত ছাত্রদের বিভিন্ন জিনিসপত্রের উপর প্রতিদিনই জমছে ধুলার আস্তর, নথিপত্র যাচ্ছে উইপোকার পেটে।

তপন কান্তি রায়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 01:36 PM

Updated : 11 Oct 2022, 08:53 PM

পুরনো খবর:

ঢাকা বিশ্ববিদ‌্যালয় শোক দিবস পালিত

ভবনের নিচতলায় ছোট দু’টি কক্ষের একটিতে ৩১ বছর আগে ১৫ অক্টোবর ছাদধসে নিহত ছাত্রদের ছবি, বই-নথিপত্র, পোশাক এবং তৈলচিত্র রাখা আছে। অন্যটিতে ওই সময় প্রকাশিত বিভিন্ন পত্রিকা এবং যে টেলিভিশনটি দেখার সময় ঘটেছিল মর্মান্তিক ঘটনা, সেটি রাখা হয়েছে।

দু’টি কক্ষে গাদাগাদি করে রাখা জিনিসপত্রে দেখা গেছে ধুলার মোটা আস্তর, কাগজপত্র-বইয়ের ওপর উইপোকার অবাধ বিচরণ।

ছাত্রদের অভিযোগ, কক্ষ দু’টি সবসময় বন্ধ রাখা হয়, ফলে জানালার বাইরে থেকে উঁকি দিয়েই অগ্রজদের স্মৃতি দেখতে হয় তাদের।

তবে হল প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার জানিয়েছেন, সেদিনের ঘটনার স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের জন‌্য বিশ্ববিদ‌্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জাদুঘর নির্মিত হলে সেগুলো সেখানে রাখা হবে। এ ব্যাপারে প্রশাসন খুবই আন্তরিক।”

সেদিনের ঘটনা

আজ থেকে ৩১ বছর আগে, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর। সন্ধ্যায় বিটিভিতে চলছিল ধারাবাহিক নাটক ‘শুকতারা’। নাটকে অভিনয় করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন অধিকারীর ছোট ভাই, সংস্কৃত বিভাগের ছাত্র মন্ময় অধিকারী।

Image
এই টেলিভিশনেই সেদিন নাটক দেখার সময় ধসে পড়ে ছাদ

এই টেলিভিশনেই সেদিন নাটক দেখার সময় ধসে পড়ে ছাদ

সেদিনও ছাত্র, কর্মচারী, অতিথি ও আশপাশের লোকজন মিলিয়ে প্রায় ২৫০-৩০০ জন জড়ো হয়েছিলেন জগন্নাথ হলের টেলিভিশন কক্ষে।

হলের প্রাদেশিক পরিষদের সংসদ ভবনের টেলিভিশন কক্ষটিই সংসদ হিসেবে ব্যবহৃত হত। কক্ষের সামনের নিচু জায়গায় রাখা ছিল টিভি। ভবনটি তখন মেরামতের কাজ চলছিল।

প্রাধ্যক্ষ অসীম সরকার বলেন, “কক্ষটির সংস্কার চলছিল, ছাত্রদের সর্তক করা হয়েছিল। হঠাৎ বৃষ্টি হয়ে ছাদ ভেঙ্গে পড়ে।”

ঘটনাস্থলেই মারা যান ৩৪ জন। হাসপাতালে মৃত‌্যু হয় ছয়জনের। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ছাত্র; কর্মচারী আর অতিথি ছিলেন ১৪ জন।

আহতদের স্মৃতিতে

সেদিনের ঘটনা এখনও স্মৃতিতে জ্বল জ্বল করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রাশসন) প্রবীর কুমার সরকারের মনে। দুর্ঘটনায় আহত হয়েছিলেন ওই সময়ের ভূগোলের ছাত্র প্রবীর।

“নাটক শুরু হওয়ার কয়েক মিনিটের মধ‌্যে ছাদ থেকে চুইয়ে জল পড়ছিল। এক পর্যায়ে হঠাৎ ছাদ ভেঙ্গে পড়ে। আমি চাপা পড়ে যাই। কক্ষটির সংস্কার কাজ হচ্ছিল, আমরা জানতাম না।”

জগন্নাথ হল ট্র্যাজেডির সাক্ষী হল কর্মচারী সুশীল দাস এখনও চাকরি করছেন। সেদিন ছাদ ধসে পড়ার কিছুক্ষণ আগে নিজের আসন ছেড়ে এগিয়ে বসেছিলেন, আর তাতে সামান্য আঘাত পেলেও প্রাণে বেঁচে যান তিনি।

সেদিনের স্মৃতি হাতড়ে সুশীল বলেন, “আমি এক ছাত্রকে চেয়ার ছেড়ে সামনে চৌকিতে গিয়ে বসি। এর মিনিট খানেকের মধ্যেই ছাদ ভেঙে পড়ে। পুরো কক্ষ ধুলায় অন্ধকার হয়ে যায়। আমার ছেড়ে আসা চেয়ারে বসা ছাত্র ওইদিন মারা যায়।”

ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে মাথায় আঘাত পেয়েছিলেন ওই সময়ের হল ক‌্যান্টিনের বাবুর্চির সহকারী নিতাই চন্দ্র দাস।

“শুকতারা দেখার জন্যে আগেভাগেই কাজ শেষ করি। বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। একটু দেরি করে যাওয়ায় পিছনের দিকে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে বৃষ্টি বেড়ে যায়। আর তখনই আমার একটু সামনে ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। হাসপাতালে ন্য়োর পর আমার জ্ঞান ফেরে। আমার আশপাশে তখন অনেক লাশও রাখা ছিল।”

সেদিনের ঘটনার স্মরণেই দিনটি বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।