পুলিশ-র্যাবে দ্বন্দ্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ ও র্যাবের মধ্যে কোনো ‘ভুল বোঝাবুঝি নেই’ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুই-একটি বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে তা গুরুতর কিছু নয়।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ ও র্যাবের মধ্যে এ ধরনের দু-একটি ভুল বোঝাবুঝি থাকতেই পারে। সংসারে ভাইবোনেরও এ রকম দু-একটি ঘটনা ঘটতেই পারে।
“তেমন কোনো ঘটনা ঘটেনি যে পুলিশ ও র্যাবের মধ্যে সম্পর্ক নষ্ট হবে।”
র্যাব পুলিশেরই একটি অঙ্গ জানিয়ে তিনি বলেন, “পুলিশই এটা ঠিক করে নেবে। আমার মনে হয় এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ ঘটেনি।”
র্যাব পুলিশের অধীন একটি বিশেষ বাহিনী হলেও এতে সামরিক বাহিনী থেকে এসে কর্মকর্তারা কাজ করেন। তবে বাহিনীর প্রধানের দায়িত্বে থাকেন আইজিপির নিচের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কোনো কর্মকর্তা।
সম্প্রতি একটি দৈনিকে খবর আসে যে, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ছয়টি ঘটনা উল্লেখ করে পুলিশের বিরুদ্ধে র্যাবের কার্যক্রমে বাধা এবং র্যাব সদস্যদের নির্যাতনের লিখিত অভিযোগ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে অস্ত্রধারী দুটি বাহিনীর মধ্যে ‘বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে’ বলেও সতর্ক করেছেন তিনি।
র্যাবের এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।
তবে র্যাবের মহাপরিচালক তাকে ডিঙিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অভিযোগ করেননি বলে জানান পুলিশ প্রধান।
