অবৈধ বিলবোর্ড-ব্যানার সরাতে তাগিদ আনিসুল হকের
অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার শিগগির অপসারণ করার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার গণমাধ্যমে ঢাকা উত্তর সিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তাগিদ দেন মেয়র।
এতে বলা হয়, রাজধানীর সড়কগুলোতে বিভিন্ন দিবস ও অনুষ্ঠান উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের নেতার ছবি সম্বলিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যাওয়ার বিষয়টি তার নজরে এসেছে। এজন্য এসব বিলবোর্ড সরিয়ে নিতে তিনি এ তাগিদ দিলেন।
মেয়রকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রতিদিনই পরিষ্কার করছি, আবার প্রতিদিনই কেউ না কেউ ব্যানার বা পোস্টার লাগাচ্ছেন। মেয়রের একার পক্ষে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।”
বিজ্ঞপ্তি আরও বলা হয়, “সিটি কর্পোরেশন (ট্যাক্স) বিধিমালা ১৯৮৬-এর ৭৪ ধারা অনুযায়ী বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যে নিজস্ব বা সিটি কর্পোরেশনের জায়গায় যে কোনো বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন জাতীয় স্থাপনা নির্মাণে আবশ্যিকভাবে সিটি কর্পোরেশনের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে এবং এ বাবদ সিটি কর্পোরেশনের নির্ধারিত কর পরিশোধ করতে হবে।”
সড়কদ্বীপ ও অন্যান্য স্থানে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বিভিন্ন দিবসে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন বা পোস্টার লাগাতে চাইলে সিটি কর্পোরেশনের আগাম অনুমোদন নেওয়ার পরামর্শ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ‘স্পন্সর’ হিসেবে নিজেদের পরিচিতি উল্লেখ করলে তাদের সিটি কর্পোরেশনের নির্ধারিত কর পরিশোধ করতে হবে বলে জানানো হয়।
আওয়ামী লীগ তাদের আসন্ন কাউন্সিল অধিবেশন উপলক্ষে সিটি করপোরেশন থেকে প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন নিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগও তাদের প্রচারণার জন্য সিটি করপোরেশন থেকে অনুমোদন নিয়েছে।
