থাই রাজার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭০ বছর ধরে রাজার দায়িত্ব পালন করে আসা ভূমিবল ৮৮ বছর ব্য়সে বার্ধক্যজনিত স্বাস্থ্যসমস্যায় ভোগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান।
এরপর এক শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ থাই রাজার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত রাজপরিবার, সরকার ও থাই জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাজা ভূমিবলের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর রাজা ভূমিবল মাত্র ১৮ বছর বয়সে থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। চলতি বছরের জুনে তার সিংহাসনের আরোহনের ৭০তম বার্ষিকী পালন করা হয়।
বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পরিচলনা করা থাই রাজা ভূমিবল সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসমস্যায় ভুগছিলেন। কয়েকমাস ধরে তাকে জনসম্মুখেও দেখা যায়নি। গেল বছরের বেশিভাগ সময় তিনি হাসপাতালেই কাটিয়েছেন।
কিডনি জটিলতায় ভুগতে থাকা রাজা ভূমিবল আদুলিয়াদেজের হেমোডায়ালাইসিস করার সময় তার রক্তচাপ কমে যায়। পরে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস চালিয়ে রক্তচাপ স্বাভাবিক করার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার তার মৃত্যুর খবর আসার পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল স্বাক্ষরিত বার্তায় বিএনপি নেত্রী বলেন, “রাজা ভূমিবলের অবদানের জন্য থাইল্যান্ডবাসী তাকে চিরদিন শ্রদ্ধা করবে। তার মৃত্যুতে বাংলাদেশের জনগণ ও আমার দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।”
