থাই রাজা ভূমিবলের জীবনাবসান
বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পরিচলনা করা থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজ ৮৮ বছর বয়সে মারা গেছেন। প্রাসাদের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
৭০ বছর ধরে রাজার দায়িত্ব পালন করে আসা ভূমিবল থাইল্যান্ডে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিনি অন্যতম প্রধান ভূমিকা পালনকারী হিসেবেও বিবেচিত হয়েছিলেন।
সাম্প্রতিক সময়ে তিনি স্বাস্থ্যসমস্যায় ভূগছিলেন। কয়েকমাস ধরে তাকে জনসম্মুখেও দেখা যায়নি। গেল বছরের বেশিভাগ সময় তিনি হাসপাতালেই কাটিয়েছেন।
বিবিসি জানায়, রাজা ভূমিবলের মুত্যুতে এখন তার উত্তরাধিকারী ৬৩ বছর বয়স্ক ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালঙকর্ণ থাইল্যান্ডের নতুন রাজা হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।
টেলিভিশনে এক ভাষণে প্রায়ুথ চান ওচা বলেন, থাইল্যান্ড একবছর রাজার মৃত্যুর জন্য শোক করবে এবং একমাসের জন্য সব বিনোদনমূলক কর্মকাণ্ড বন্ধ রাখা হবে।
গত রোববার মধ্যরাতে প্রকাশিত এক বিবৃতিতে প্রাসাদ কর্তৃপক্ষ জানিয়েছিল,রাজা ভূমিবল আদুলিয়াদেজের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল নয়।”
যে হাসপাতালে তার চিকিৎসা চলছিল সেখানে ভিড় জমায় শত শত মানুষ। তার সৌভাগ্যে কামনায় গোলাপি পোশাক পরে সেখানে যায় বহু থাই নাগরিক।
কিডনি জটিলতায় ভুগতে থাকা রাজা ভূমিবল আদুলিয়াদেজের হেমোডায়ালাইসিস করার সময় তার রক্তচাপ কমে যায়। পরে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস চালিয়ে তার রক্তচাপ স্বাভাবিক করার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
রাজপ্রাসাদ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভূমিবলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে। এতে বলা হয়, “জাহাঁপনা সিরিরাজ হাসাপাতালে স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটার দিকে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।”
রাজার জন্য শোক
রাজার জন্য শোক
সাংবিধানিক রাজতন্ত্রের দেশ হিসাবে থাইল্যান্ডে রাজার রাষ্ট্রীয় ক্ষমতা খুব কম হলেও থাইরা ভূমিবলকে তাদের ঐক্যের প্রতীক হিসাবে সম্মান করেছে। থাই জনগণের কাছ থেকে অনেকটা দেবতুল্য সম্মান পেয়েছিলেন রাজা ভূমিবল।
তার মৃতদেহ এখন ব্যাংককের সিরিরাজ হাসপাতাল থেকে গ্রান্ড প্যালেসে নেওয়া হবে। সেখানে শুক্রবার মৃতদেহ ধোয়ার পর ১শ’ দিনের জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে শায়িত রাখা হবে। এরপর শুরু হবে তাকে আনুষ্ঠানিকভাবে সমাহিত করার প্রক্রিয়া। এ প্রক্রিয়া শুরু হতে একবছরও লেগে যেতে পারে।
সিংহাসনে রাজার সাত দশকে থাইল্যান্ডের রাজনীতিতে বহু অস্থিরতা দেখা গেছে। সেনা অভ্যুত্থানও হয়েছে, তবে রাজা বেশিরভাগ সময়েই রাজনীতির ঊর্ধ্বে ছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাজা ভূমিবলের পরিবার এবং থাই জনগণের জন্য শোক বার্তা পাঠিয়েছেন। রাজা তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং প্রশংসনীয় একজন পার্টনার ছিলেন বলে মন্তব্য করেন তিনি।
২০১২ সালে থাইল্যান্ড সফরকালে ওবামা রাজা ভূমিবলের উষ্ণ অর্ভর্থনার কথা স্মরণ করে বলেন, রাজা একইসঙ্গে থাই জনগণের জন্যও খুবই স্নেহশীল এবং সহমর্মী ছিলেন।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও রাজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সার্বজনীন মূল্যবোধ এবং মানবাধিকারের প্রতি সম্মানের প্রতিশ্রুতি রক্ষা করে চলার মাধ্যমে থাইবাসী রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে যাবে বলেই আশা প্রকাশ করেন তিনি।
