২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত দশকের রাজা ভূমিবল

থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পরিচলনায় ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 10:16 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিনি অন্যতম প্রধান ভূমিকা পালনকারী হিসেবে বিবেচিত হয়েছিলেন।

সিংহাসনে তার সাত দশক সময়ে থাইল্যান্ডের রাজনীতিতে বহু অস্থিরতা সৃষ্টি হয়েছে। অনেক সেনা অভ্যুত্থানও হয়েছে।

রাজা ভূমিবল অধিকাংশ সময় রাজনীতির ঊর্ধ্বে থাকলেও কখনও কখনও চরম সঙ্কটে রাজনীতিতে মাথাও গলিয়েছেন।

সাংবিধানিক রাজা হিসাবে ভূমিবলের রাষ্ট্রীয় ক্ষমতা খুব কম থাকলেও থাইরা তাকে তাদের ঐক্যের প্রতীক হিসাবে সম্মান করেছে। থাই জনগণের কাছ থেকে অনেকটা দেবতুল্য সম্মান পেয়েছিলেন রাজা ভূমিবল।

জন্ম ও পরিবার

১৯২৭ সালের ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে জন্মগ্রহণ করেন রাজা ভূমিবল। ওই সময়  তার বাবা প্রিন্স মাহিদোল আদুলিয়াদেজ  হাভার্ডে পড়াশুনা করতেন। পরে তার বাবা থাইল্যান্ডে ফেরেন। ভূমিবলের মাত্র ২ বছর বয়সের সময় মারা যান তার বাবা।

এরপর মায়ের সঙ্গে সুইজারল্যান্ড চলে যান ভূমিবল। পড়াশোনা করেন সেখানেই।

১৯৩২ সালে থাইল্যান্ডে রাজতন্ত্রের বিলুপ্তির পর থেকে দেশটির রাজনীতিতে রাজ পরিবারের প্রভাব কমতে শুরু করে। ১৯৩৫ সালে তৎকালীন রাজা প্রজাধীপক (ভূমিবলের চাচা) পদত্যাগ করলে মাত্র নয় বছর বয়সে রাজা হন ভূমিবলের বড় ভাই আনন্দ আদুলিয়াদেজ।

এরপর  ১৯৪৬ সালের ৯ জুনে রাজা আনন্দ মাহিদোল গুলিবিদ্ধ হয়ে মারা গেলে মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল সিংহাসনে বসেন।

১৯৫০ সালে ভূমিবলের অভিষেক হওয়ার ঠিক আগে দিয়ে ২৮ এপ্রিল ফ্রান্সের থাই রাষ্ট্রদূতের মেয়েকে বিয়ে করেন তিনি।

রাজা হওয়ার পর শুরুর দিকে থাইল্যান্ডের প্রভাবশালী সামরিক নেতাদের ছায়াতলেই থাকতে হয়েছিল ভূমিবলকে। কিন্তু অন্যান্য যুবরাজ এবং সমমনা জেনারেলদের সমর্থনে এক সময়  রাজ পরিবারের অতীত প্রভাব ও ঐতিহ্য ফিরিয়ে আনেন তিনি।

থাইল্যান্ডের বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিতে বেশ কয়েকবার ত্রাতার ভূমিকায় অবর্তীর্ণ হয়েছিলেন ভূমিবল এবং কোনও ধরনের সহিংসতা ছাড়াই সমস্যার সমাধান করতেও সক্ষম হন।

রাজনীতিতে হস্তক্ষেপ

১৯৭৩ সালে প্রথম থাইল্যান্ডের রাজনীতিতে হস্তক্ষেপ করেন রাজা ভূমিবল। সেবার ব্যাংককে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ওপর সেনারা গুলি বর্ষণ করে। ওই বিক্ষোভের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী জেনারেল থানম কিত্তিকাচর্নের প্রশাসন কার্যত অচল  হয়ে পড়ে। ভূমিবলের হস্তক্ষেপে ওই বিক্ষোভের অবসান হয়।

যদিও সমালোচকরা বলেছিলেন, রাজা ভূমিবল অভ্যূত্থানের মাধ্যমে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ অনুমোদন করেন এবং মানবাধিকারের পক্ষে কথা বলতে ব্যর্থ হয়েছেন।

এরপর  ১৯৮১ সালে রাজা ভূমিবলের ব্যক্তিগত বন্ধু তৎকালীন প্রধানমন্ত্রী জেনারেল প্রেম তিনসুলানন্ডের বিরুদ্ধে একদল সেনা কর্মকর্তা অভ্যূত্থানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দাঁড়ান ভূমিবল। পরে রাজকীয় বাহিনী ব্যাংককের নিয়ন্ত্রণ নেয়।

১৯৯২ সালের এপ্রিলে অভ্যূত্থানের মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতায় আসেন জেনারেল সুচিন্দা ক্রাপ্রায়ুন। তার বিরুদ্ধে বিক্ষোভে সেনারা নির্বিচারে গুলি চালায়। নিহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী।

ওই ঘটনার পর ক্রাপ্রায়ুন এবং বিক্ষোভের নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত জেনারেল চামলং শ্রীমুয়াং উভয়কেই তলব করেন রাজা ভূমিবল। টেলিভিশন ক্যামেরায় ধারণ করা দৃশ্যে দেখা যায়, ক্রাপ্রায়ুন এবং শ্রীমুয়াং হাটু গেড়ে বসে আছেন এবং রাজা ভূমিবল তাদের তিরস্কার করছেন।

ওই ঘটনার পর থাইল্যান্ডে নির্বাচনী গণতন্ত্রের যাত্রা শুরু হয় এবং নতুন করে দেশটির সংবিধান লেখা হয়।

২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত নেতৃত্ব নিয়ে থাইল্যান্ডে যে সঙ্কট দেখা দিয়েছিল সে সময়ও রাজাকে রাজনীতিতে হস্তক্ষেপের জন্য বার বার অনুরোধ জানানো হয়। কিন্তু এটি ঠিক হবে না বলে জানিয়েছিলেন তিনি। তারপরও সে বছর এপ্রিলে থাকসিন নির্বাচনে জিতার পর আদালত তা দ্রুত বাতিল করার ঘটনায় রাজা ভূমিবলের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হয়।

তবে যে অভ্যুত্থানে থাকসিন সিনাওয়াত উৎখাত হয়েছিলেন সেখানে রাজা ভূমিবলের ভূমিকা কি ছিল তা জানা যায়নি। যদিও তার উপদেষ্টারা বলেছেন, তাকে আগে থেকে এ ব্যাপারে জানানো হয়নি।

২০০৯ সালের সেপ্টেম্বরে ফুসফুসের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হন রাজা ভূমিবল। তার পর থেকে রাজার শরীর ক্রমশ ভেঙে পড়তে থাকে। গত কয়েক বছর বেশি ভাগ সময় হাসপাতালেই কেটেছে রাজা ভূমিবলের। এ সময় তিনি নিশ্চুপ ছিলেন। তার এ রোগভোগের সময়ই পরবর্তীতে ২০১৪ সালে আরেকটি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে থাইল্যান্ডে ক্ষমতা দখল করেন সেনপ্রধান জেনারেল প্রায়ুথ চান ওচা। এর তিনমাস পর ওচাকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে অনুমোদন দেন ভূমিবল।

দীর্ঘদিন রোগভোগের পর বৃহস্পতিবার হাসপাতালে তার মৃত্যুর খবর জানান প্রাসাদের কর্মকর্তারা।