ঢাকায় ৬ গাড়ি চোর গ্রেপ্তার
চালককে অজ্ঞান করে গাড়ি চুরির সঙ্গে জড়িত ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গাড়ি চোরচক্রটিকে ধরা হয়।
এসব অভিযানে ছয়টি চোরাই প্রাইভেটকার, চারটি মোটরসাইকেল এবং অজ্ঞান করতে ব্যবহৃত মলম, ঘুমের ওষুধমিশ্রিত পানীয় উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আবদুল বাতেন জানান, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পল্টনের মুক্তাঙ্গন থেকে একটি দল একটি টয়োটা এক্সিও গাড়ি রাজবাড়ী যাওয়ার জন্য ছয় হাজার টাকায় ভাড়া করে।
“তারা মুক্তাঙ্গন থেকে রওনা করে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি ও ফার্মগেটসহ বিভিন্ন জায়গা ঘুরে রাত আনুমানিক পৌনে ১১টায় মোহাম্মদপুর বেড়িবাধেঁর উপর ভাঙ্গা মসজিদ নামের জায়গায় পৌঁছে।
“এরপর তারা কৌশলে চালক গাড়ী থেকে নামিয়ে আখের রস কিনে তাতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পান করায়। কিছুক্ষণের মধ্যে চালক জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়।”
পরে চালক টিলু মোহাম্মদপুর থানায় অভিযোগ করেন জানিয়ে যুগ্ম কমিশনার বাতেন বলেন, মামলাটি ডিবির (পশ্চিমের) হাতে আসলে তদন্তে ঘটনার সঙ্গে চক্রটির জড়িত থাকার তথ্য পাওয়া যায়।
পরে ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার শেখ নাজমুল আলম, মাশরুকুর রহমান খালেদ, মো. সাজ্জাদুর রহমান, খন্দকার মো. নুরুন্নবী ও গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান।
