২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত সেবা দিতে পুলিশের অ্যাপ চালু

তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে দ্রুত সেবা দিতে বাংলাদেশ পুলিশের একটি মোবাইল অ্যাপ চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 01:37 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

‘বিডি পুলিশে হেল্প লাইন’ নামের এই অ্যাপটি বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে উদ্বোধন করেন আইজিপি একেএম শহীদুল হক।

আপাতত অ্যাপটি ‘গুগল প্লে স্টোরে’ পাওয়া গেলেও শিগগিরই অ্যাপলের ‘অ্যাপ স্টোরেও’ মিলবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

অনুষ্ঠানে শহীদুল হক জানান, অ্যাপটি ব্যবহার করে যে কেউ অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য সরাসরি থানার ওসিকে জানাতে এবং সেবা চেয়ে অনুরোধ পাঠাতে পারবেন।

তিনি বলেন, “তথ্য প্রদানকারীর বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে একই জেলার ক্ষেত্রে সার্কেল সহকারী পুলিশ সুপার, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সদরদপ্তর এবং মহানগর পুলিশের ক্ষেত্রে জোনাল সহকারী কমিশনার, উপ-কমিশনার ও কমিশনারের কাছে পৌঁছে যাবে।

“ওসির কাছে কোনো তথ্য দিলে এখন ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানতে পারবেন এবং তদারককারী কর্মকর্তা কী ব্যবস্থা নিয়েছেন তাও পর‌্যবেক্ষণ করতে পারবেন।”

অ্যাপটির আরেকটি সুবিধা হলো এটি জনগণ ও পুলিশের মধ্যে ‘ইন্টারঅ্যাকটিভ ইন্টারফেস’ হিসেবে কাজ করবে।

আইজিপি বলেন, সারাদেশের প্রতিটি থানার ওসি ও পরিদর্শককে (তদন্ত) স্মার্টফোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই অ্যাপটির যথাযথ ব্যবহার তারা করতে পারেন।