নদী দখল করে গড়া বড় স্থাপনা উচ্ছেদ এ বছরই: নৌমন্ত্রী
ঢাকার চারপাশের নদী দখল করে গড়ে ওঠা বড় স্থাপনাগুলো এই বছরই গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
ঢাকার আশপাশের চারটি নদী দূষণমুক্ত করতে নতুন প্রকল্পের প্রস্তাব তৈরি করা হচ্ছে বলেও বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে জানান তিনি।
অনুষ্ঠানে নিজ মন্ত্রণালয়ের নানা উন্নয়নমূলক কর্মসূচি জানানোর পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শাজাহান খান।
আন্তরিকতা থাকলেও সক্ষমতার সীমাবদ্ধতাকে নদী দখলদারদের উচ্ছেদে পুরোপুরি সফল না হওয়ার কারণ দেখান তিনি।
“যে হারে দখল হয়, সেটাকে উচ্ছেদ করার সক্ষমতা কিন্তু বেশি না। সেটাকে বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। এ বছরের মধ্যেই দেখতে পাবেন, আমরা বড় স্থাপনাগুলো কিভাবে গুঁড়িয়ে দেব।”
আন্তরিকতার উদাহরণ হিসেবে ধলেশ্বরী নদীর মধ্য থেকে ‘দ্বীন ফার্নিচার’ নামে শত কোটি টাকার একটি আসবাবপত্রের কারখানা গুঁড়িয়ে দেওয়ার কথা বলেন মন্ত্রী।
দখলদারদের তালিকা তৈরি কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “তালিকা দেখে এসেছি। চূড়ান্ত তালিকা করার জন্য বিআইডব্লিউটিএ-কে নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের কর্মকর্তারা তালিকা করছেন।”
বুড়িগঙ্গা তীরে এরকম উচ্ছেদ অভিযান মাঝে মাঝে চললেও তার ধারাবাহিকতা দেখা যায় না
উচ্ছেদের পর ফের দখল হয়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সেজন্য ২০ কিলোমিটার হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হয়েছে, ২৮০ কিলোমিটারের পরিকল্পনা রয়েছে। ফলে দখলের সুযোগ আর থাকবে না।
“শ্যামপুর থেকে শুরু করে কাচপুর পর্যন্ত আমরা ওয়াকওয়ে করেছি। টঙ্গীতে ওয়াকওয়ে করেছি। ওয়াকওয়ে করলে নদী দখলের প্রবণতা থাকতে পারে, কিন্তু সুযোগ থাকবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিলানী মিল্টন, দপ্তর সম্পাদক মেহদী আজাদ মাসুম এবং কার্যনির্বাহী সদস্য ওসমান গনি বাবুল ও শেখ মাহমুদ এ রিয়াদ প্রমুখ।
‘দখলদারদের ঢাল মসজিদ-মন্দির-মাদরাসা’
দখলদাররা ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করায় উচ্ছেদে সমস্যা হওয়ার কথা জানান নৌমন্ত্রী।
“বুড়িগঙ্গার আদি চ্যানেলটার খুবই দুরবস্থা। আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি, কোনো কোনো মানুষ নিজের বাড়ি রক্ষার জন্য ঢাল হিসাবে ব্যবহার করে মসজিদকে।”
এক সাংবাদিকের প্রশ্নের সূত্র ধরে তিনি বলেন, “আপনি যে এলাকার কথা বলছেন এমনকি ...... কোম্পানি আছে, আপনি দেখবেন, আদি বুড়িগঙ্গার পাড়ে। ওই কোম্পানি নদীর তিন ভাগের দুভাগ জায়গা দখল করে বিল্ডিং করেছে, সামনে একটা সুদৃশ্য মসজিদ করেছে। এটা হলো তার ঢাল।”
দখলে দূষণে স্থবির হয়ে পড়েছে বুড়িগঙ্গা
ঢাকা শহরের চার দিকে নদী দখল করে ৪৫টি মসজিদ-মন্দির-মাদ্রাসা নির্মিত হয়েছে বলে মন্ত্রী জানান।
“বুড়িগঙ্গার সদরঘাটের পাড়ে যারা রয়েছেন, তারা বলেছেন, ‘আপনারা একটু জায়গা দেন, আর কিছু টাকা দেন, আমরা মসজিদ সরিয়ে নেব’। এখন ধরেন, সদরঘাটের ৫তলা মসজিদের জন্য কোথায় জায়গা দেবেন? ওইখানে তো নদীর মধ্যে পিলার করে মসজিদ করেছে।”
নদী দখল করে নির্মিত ব্যক্তি মালিকানার স্থাপনাগুলো উচ্ছেদের পর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বসব, বলেন শাজাহান খান।
দূষণমুক্তে পদক্ষেপ
নদী দূষণমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে এতে সফল হওয়ার আশাবাদও প্রকাশ করেন শাজাহান খান।
মিট দ্য রিপোর্টার্সে নৌমন্ত্রী শাজাহান খান
“আমরা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়ে গেছি। দুই দিন আগে। এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছি। প্রকল্প তৈরি করছি।”
“এটা করা সম্ভব। কারণ টেমস নদীর (লন্ডনের) আদি ছবি সংগ্রহ করেছি। এই নদী পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেই নদী তারা পরিচ্ছন্ন করেছে। কোরিয়ার হাং নদী দূষিত ছিল, তারা সেগুলোকে পরিচ্ছন্ন করেছে।”
আগামী অর্থ বছরে বাজেট পেলে নদী দূষণের কাজে গতি আসবে বলে আশ্বাস দেন তিনি।
উদ্ধার হচ্ছে বড়াল নদী
নাটোর-রাজশাহী-পাবনার উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মার শাখা নদী ‘বড়াল’ উদ্ধারের কথাও জানান মন্ত্রী।
বড়াল নদী রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধন (ফাইল ছবি)
তিন বছর আগে গঠিত জাতীয় নদী রক্ষা কমিশন বড়াল নদী নিয়ে কাজ করেছে বলে জানান তিনি।
“অদ্ভুত ব্যাপার হল, বড়াল নদীর এপার-ওপার দিয়ে রাস্তা তৈরি করে সম্পূর্ণ নদীকে বন্ধ করে দেওয়া হয়েছে। একটা দুটা না, একাধিক রাস্তা তৈরি করা হয়েছে। আমরা ইতিমধ্যে টাস্কফোর্সের মাধ্যমে সেই রাস্তাগুলো অপসারণের কার্যক্রম শুরু করেছি। সেখানে আমরা ব্রিজ নির্মাণ করব।”
সেতু নির্মাণের পর ১২৪ কিলো মিটার নদীপথ তৈরিতে নৌ মন্ত্রণালয় কাজ শুরু করবে বলে জানান তিনি।
রবীন্দ্রনাথসহ অনেক বড় সাহিত্যিকের লেখায় স্থান পাওয়া বড়াল নদীর এক তীরে সারদায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ও রাজশাহী ক্যাডেট কলেজ অবস্থিত। অন্যপাড়ে এককালের বিখ্যাত চারঘাট বাণিজ্যকেন্দ্র অবস্থিত।
