হামজা ব্রিগেডে অর্থায়ন: উত্তরা থেকে ব্যবসায়ী গ্রেপ্তার
জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকার উত্তরা থেকে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আ ক ম মঞ্জুর এলাহী (৩৮) তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের ব্যবসায় জড়িত।
চট্টগ্রামের হাটহাজারী থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার অভিযোগপত্র আসামি তিনি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি চন্দন দেবনাথ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে উত্তরার ১৩ নম্বর রোডের এক বাড়ির সামনে থেকে মঞ্জুর এলাহীকে তারা গ্রেপ্তার করেন।
মঞ্জুর চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের কালাপানিয়া এলাকার অধ্যাপক সুলতান আহমদের ছেলে। তবে পরিবার নিয়ে ঢাকার উত্তরার বাড়িতেই থাকতেন তিনি।
গত বছর বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা অস্ত্র
গত বছর ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লটমনি পাহাড়ে এক জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পায় র্যাব; গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। এরপর ওই মাসেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এবং হালিশহরে আরও দুটি জঙ্গি আস্তানার খোঁজ মেলে র্যাবের তদন্তে।
সবশেষ গত বছরের এপ্রিলে বন্দরনগরী থেকে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তারের পর নতুন জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’র বিষয়ে নিশ্চিত হয় র্যাব।
হামজা ব্রিগেডের অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছর ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে দুই আইনজীবীসহ গ্রেপ্তার হন বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা।
লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় চলতি বছর মার্চে ২৮ জন এবং হাটহাজারীর মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এপ্রিলে ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় র্যাব।
দুই মামলার অভিযোগপত্রেই মঞ্জুর এলাহীর নাম রয়েছে বলে র্যাব সদস্যরা জানান।
