২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দক্ষিণের ১৯ নম্বরের অর্ধেক স্মার্ট কার্ডও বিলি হয়নি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের ১৯ নম্বর ওয়ার্ডে ‘স্মার্ট’ জাতীয় পরিচয়পত্রের পরীক্ষামূলক বিতরণের নির্ধারিত সময় শেষ হলেও এই এলাকার অর্ধেকেরও কম কার্ড বিলি হয়েছে।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 10:24 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

যারা নির্ধারিত সময়ে স্মার্ট কার্ড নিতে পারেননি, তাদের সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে গিয়ে তা সংগ্রহের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

এলাকার ভোটাররা বলছেন, নির্বাচন কমিশন বেশ আয়োজন নিয়ে স্মার্ট কার্ড বিতরণে নামলেও মাঠ পর্যায়ে যথেষ্ট প্রচারণা চালানো হয়নি। তাছাড়া কার্ড বিতরণে প্রস্তুতি ও সমন্বয়হীনতার অভিযোগও করেছেন তারা।

ডিসিসি দক্ষিণের ১৯ নম্বর ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শেষ হলো সোমবার। রমনা থানা নির্বাচন এলাকার এই একটি ওয়ার্ডের সাড়ে ৩৫ হাজার ভোটারের মধ্যে যাদের হাতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র রয়েছে, তাদের ১৩ হাজার ৯৪২ জন স্মার্ট কার্ড পেয়েছেন।

এমন পরিস্থিতে মঙ্গলবার এই ওয়ার্ডের বিতরণকেন্দ্র খোলা রাখা হলেও হাতেগোনা কয়েকজন কার্ড নিয়েছেন বলে জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

সিদ্বেশ্বরী গার্লস কলেজ বিতরণ কেন্দ্রে স্মার্ট কার্ড নিতে আসা সত্তরোর্ধ্ব আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে যে এতো বড় কাজ চলছে তা নিয়ে এলাকায় কোনো মাইকিং নেই, লিফলেট বিতরণ নেই, ওয়ার্ড কাউন্সিলরকে সম্পৃক্ত করা হচ্ছে না- এটা তো হয় না।

“আমি আরেকজনের কাছে খবর পেয়ে এসেছি; কিন্তু তারা কার্ডটি দিতে পারল না।”

এবিষয়ে রমনা থানা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নানা ধরনের সমস্যার মধ্যেও নির্ধারিত সময়ে আশাব্যঞ্জক সাড়া পেয়েছি আমরা।

“প্রথমবারের অভিজ্ঞতায় দেখেছি- প্রচারণা কম হওয়ার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই।”

৪০ শতাংশ ভোটর স্মার্ট কার্ড নিয়েছে জানিয়ে তিনি বলেন, জটিলতার কারণে একহাজার ৬৯৭টি কার্ড তৈরি না হওয়ায় তাদের ফেরত যেতে হয়েছে; বাকিরা কেন্দ্রেই আসেনি।

তবে প্রচারণা কম ও ইসির অব্যবস্থাপনার পাশাপাশি বিষয়টি নিয়ে জনসচেতনতার ঘাটতিও রয়েছে বলে মনে করেন কেন্দ্রের টেকনিক্যাল এক্সপার্ট রকিবুজ্জামান নিয়ন।

গত ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন; একদিন আগে গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়।

৩ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে ঢাকা সিটি করপোরেশনের দুই ভাগে ও কুড়িগ্রামে বিতরণ শুরু হয়। ৬ অক্টোবর বিতরণ কাজ পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারও নাগরিকদের আগ্রহ বাড়াতে ব্যাপক প্রচারণার নির্দেশনা দিয়ে আসেন।

এদিকে ঢাকা উত্তরের এক নম্বর ওয়ার্ডে স্মার্ট কার্ড সোমবার পর্যন্ত ৯ হাজার ৭শ’ জনকে স্মার্ড কার্ড দেওয়া সম্ভব হয়েছে বলে উত্তরা থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল জানান।

২৫ হাজারেরও বেশি ভোটারের এই এলাকায় কার্ড বিতরণের আরও ১২ দিন সময় রয়েছে।

প্রচারণার দুর্বলতার কথা স্বীকার করে শাহজালাল বলেন, “আমরা পরীক্ষামূলকভাবে এ কার্ড বিতরণ করছি সমস্যাগুলো চিহ্নিত করার জন্যে। আগামীতে ইসি ও এনআইডি প্রকল্পের লোকজন সমন্বিতভাবে কাজ করে সব ধরনের সমস্যা সমাধান সম্ভব করতে পারব।”

উত্তরায় স্মার্ট কার্ড নিতে আসা রাবেয়া আক্তার বলেন, একেকটি ভোটার এলাকার জন্যে মাত্র একদিন বিতরণের সময় দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই পর্যাপ্ত নয়।

“অন্তত ১৫ দিন আগে থেকে প্রচারণা চালালে সবার মধ্যে সচেতনতা তৈরি হতো।”

ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম জানান, প্রচারণায় সমস্যা, কারিগরি ত্রুটি ও লোকবল সংকট, প্রশিক্ষণ, জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ও প্রচারপত্র বিলিসহ সার্বিক কার্যক্রম মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, “ঢাকার ওয়ার্ডগুলোর অভিজ্ঞতা নিয়েই বড় পরিসরে যাব। আগামীতে প্রচারণাও বাড়ানো হবে এবং সব ধরনের সমস্যা মোকাবেলার উদ্যোগ নেওয়া হবে।

“যারা স্মার্ট কার্ড নিতে পারেন নি, তাদের সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে গিয়ে তা সংগ্রহের অনুরোধ করা হচ্ছে।”

পুরনো খবর:

স্মার্ট কার্ড: ঢাকায় ৪০%, গ্রামে ৭০% বিতরণ প্রতিদিন
৯ কোটি স্মার্টকার্ড বিতরণেই ব্যয় ৮০ কোটি টাকা
স্মার্টকার্ড বিতরণ: উত্তরায় অব্যবস্থাপনা কাটছে না
স্মার্টকার্ডে আগ্রহ বাড়াতে প্রচারণার নির্দেশ