২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টকার্ডে আগ্রহ বাড়াতে প্রচারণার নির্দেশ

‘স্মার্ট’ জাতীয় পরিচয়পত্র নিতে নাগরিকদের আগ্রহী করার জন্য প্রচারণা বাড়াতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 11:57 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

পুরনো খবর:

স্মার্টকার্ড: কবে, কখন, কোথায়

প্রথম তিন দিনে সংশ্লিষ্ট এলাকার মাত্র ২৫ শতাংশ নাগরিক স্মার্টকার্ড হাতে পাওয়ায় এ নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে বয়স্ক ও প্রতিবন্ধীদের সুবিধায় বিশেষ ব্যবস্থা রাখার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সিইসি।

বৃহস্পতিবার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে রকিবউদ্দীন সাংবাদিকদের বলেন, “প্রথমে লোক সমাগম কম ছিল। গ্রামের দিকে হলে মুখে মুখে, একজন থেকে আরেকজনে খবর চলে যায়। কিন্তু শহরে সবাই আবদ্ধ থাকায় খবর পায় না। গণমাধ্যমের পাশাপাশি মসজিদে মাইকিং করতে বলেছি। এছাড়াও মোবাইলে এসএমএস করতে বলা হয়েছে।”

শুক্র ও শনিবারসহ অন্যান্য ছুটির দিনেও কাজ চলবে বলে জানান তিনি।

গত ৩ অক্টোবর রমনা ও উত্তরা এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। একেক দিন একেক এলাকার ভোটারদের এই কার্ড দেওয়া হচ্ছে। তবে প্রথম তিনদিনের প্রতিদিনই লক্ষ্যমাত্রার প্রায় ৭৫ শতাংশ ভোটার অনুপস্থিত রয়েছেন বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

আগামী ২২ অক্টোবর পর্যন্ত উত্তরার বিভিন্ন এলাকায় এবং ২৬ অক্টোবর পর্যন্ত রমনার এলাকাগুলোতে এই কার্ড বিতরণ চলবে।

সিইসি বলেন, রমনা ও উত্তরা থানার কাজ শেষ হলে পর্যায়ক্রমে সারা দেশে কাজ শুরু হবে। প্রাথমিকভাবে যে এলাকা দিয়ে কাজ শুরু হয়েছে সেগুলোতে কার্ড বিতরণ শেষ হলে যে সব ভুল-ত্রুটি বা সীমাবদ্ধতা পাওয়া যাবে তার ভিত্তিতে পরবর্তী কেন্দ্রগুলোর কাজ শুরু করার তারিখ জানানো হবে।

২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত কাজ চলবে জানিয়ে তিনি বলেন, “কার্ডের স্ট্যান্ডার্ড ভালো করা হয়েছে। বিশ্বের যে কোনো দেশে এর মান গ্রহণযোগ্য।”

‘২০ মিনিটে স্মার্টকার্ড’

‘স্মার্টকার্ড’ বিতরণের চতুর্থ দিন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, বেইলি রোড এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বড় ধরনের কোনো ত্রুটি ছাড়াই কার্ড বিতরণ হয়েছে।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে কার্ড গ্রহণকারী মো. সরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০ মিনিটের মধ্যে স্মার্টকার্ড পেয়েছি, আমি সন্তুষ্ট।”

স্কুল শিক্ষিকা শরীফা ইয়াসমিন বলেন, “খুব কম সময়ে কার্ড পেয়েছি, কোনো সমস্যা হয়নি।”

সেখানে দায়িত্বরত ইসি কর্মকর্তারা বলেন, ৩০টি বুথই ঠিকঠাক কাজ করছে বলে বিতরণে কোনো সমস্যা হয়নি। তবে বয়স্কদের আঙুলের ছাপ নিয়ে তাদের ঝামেলার মুখে পড়তে হয়।

অপারেটর বদরুল আলম বলেন, “অন্যদিনের চাইতে গ্রাহক সাড়া বেড়েছে।”

তবে উত্তরা কেন্দ্রের ১১টি বুথের মধ্যে দুটিতে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছেন কার্ড গ্রহীতাদের কয়েকজন।

“সকাল থেকেই দুটি বুথ অকেজো হয়ে আছে। সারা সকাল দাঁড়িয়ে থেকেও কার্ড পাইনি,” সেখানকার একটি বিকল বুথের সামনে দাঁড়িয়ে বলেন গৃহিণী খুরশিদা বেগম।