২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টকার্ড বিতরণ: উত্তরায় অব্যবস্থাপনা কাটছে না

কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও ‘যান্ত্রিক জটিলতা’য় ঢাকার উত্তরায় স্মার্টকার্ড বিতরণে নাগরিক ভোগান্তি কাটছেই না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 06:36 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

পুরনো খবর:

স্মার্টকার্ডে আগ্রহ বাড়াতে প্রচারণার নির্দেশ
স্মার্টকার্ডের তথ্য বিতরণে ‘আনস্মার্ট’ ইসি

শুক্রবার ছুটির দিনে বিতরণ কেন্দ্রগুলোতে ভিড় দেখা গেলেও একেকবার একেক নির্দেশনায় ‘হতচকিত’ নাগরিকরা ‘ক্ষোভ ঝেড়েছেন’ নির্বাচন কমিশনের প্রতি।

কেউ কেউ কার্ড না পাওয়ার অভিযোগ করেছেন, কেউ আবার আঙুলের ছাপ নিয়ে সফটওয়ারের জটিলতায় ফিরে গেছেন স্মার্টকার্ড না নিয়েই। শুক্রবার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ ঘুরে দেখা গেছে অব্যবস্থাপনার নানা চিত্র।

এদিন উত্তরা মডেল টাউন-সেক্টর ৯ এর ভোটারদের কার্ড বিতরণ করার কথা থাকলেও আগের দিন যারা কার্ড পাননি তারাও কেন্দ্রে ভিড় জমিয়েছেন।

কোন লাইনে কাকে দাঁড়াতে হবে তা নিয়ে একেকবার একেক সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। শেষে মাইকে ঘোষণা দিয়ে মাঠের মধ্যেই কার্ড বিতরণ শুরু করেন নির্বাচন কমিশনের কর্মীরা।  

“ওদের সিস্টেমের ঠিক নাই। কখনো বলছে বুথের সামনে লাইন দিতে, কখনো রাস্তায়, এখন বলছে মাঠে লাইন দিতে”, বলেন স্মার্ট কার্ড নিতে আসা আশরাফ হোসেন।

‘তথ্য বিভ্রাট’ ও অব্যস্থাপনায় ক্ষুব্ধ এ নাগরিক অভিযোগ করেন কমিশনের কর্মীদের বিরুদ্ধেও। তাদের শৃঙ্খলা ও নিয়মের অভাবেই সমস্যা হচ্ছে বলে মন্তব‌্য তার।

“ছাতার কার্ডের জন্যে দুই দিন ধরে ঘুরছি, আমাদের কাজ-কর্ম নেই নাকি?”

উত্তরার ৮ নম্বর সেক্টরের ফরেস্ট কোয়ার্টারের বাসিন্দা নূর ইসলাম ও মো. আলী আকবর বলছেন, তাদের এলাকার ‘৪০-৫০ জন’ কেন্দে এসে কার্ড না পেয়ে ফিরে গেছেন।

নূর ইসলাম বলেন, “আমরা গতকাল এসেছিলাম, কিন্তু ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ স্ক্যান করার পর ওরা বলছে, আমাদের কার্ড নাকি আসে নাই। ওরা নিজেরাও সঠিকভাবে বলতে পারছে না আমাদের কি করা উচিৎ।

এজন্য কমিশনের ‘সার্ভার’কে দুষছেন আলি আকবর।

“আমাদের পরিবারের পাঁচ জনের মধ্যে একমাত্র আমিই কার্ড পাইনি। ওদের সার্ভারে সমস্যা আছে। নইলে আমার পরিবারের সবাই পেল আমি কেনো পেলাম না?”, প্রশ্ন তার।

নাগরিক ভোগান্তির এসব অভিযোগ স্বীকার করেছেন নির্বাচন কমিশনের উত্তরা কেন্দ্রের টেকনিক্যাল বিশেষজ্ঞ ফয়সাল মাহমুদ শাহনেয়াজ।

কিছু কার্ড ‘কম এসেছে’ জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, “যারা কার্ড পাননি তাদের নামগুলো রাখা হয়েছে। এসএমএসের মাধ্যমে তাদের পরে কার্ড দেওয়ার সময় জানানো হবে।”