দুর্নীতি মামলায় নৌবাহিনীর অডিটর গ্রেপ্তার
কর্মকর্তাদের নামে ভুয়া বিল পাস করিয়ে ২ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নৌবাহিনীর এক অডিট কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেপ্তার মানিক চন্দ্র মৈত্র খুলনার খালিশপুরে নৌবাহিনীর অডিট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন সোমবার ঢাকার সেগুনবাগিচা থেকে মানিককে গ্রেপ্তার করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৫ সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এ বিষয়ে কমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসে আর্মি পে শাখার অডিট কর্মকর্তার দায়িত্বে থাকাকালে ২০০৫ সালের ৪ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ১৮ জন সেনা অফিসারের নামে ভুয়া বিল দেখিয়ে মানিক চন্দ্র ওই অর্থ উত্তোলন ও আত্মসাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে এখনো আমাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি। তবে দুদক যেহেতু গ্রেপ্তার করেছে, নিশ্চয়ই তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে।”
