মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে
চলতি বছরের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৬০ শতাংশ পয়েন্ট বেশি।
চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভার ৬৪ দশমিক ২৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। গত বছরের এই সময়ে এই হার ছিল ৫৭ দশমিক ৬৯ শতাংশ।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮টি মন্ত্রিসভার বৈঠকে ৫৬টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৬টি, বাস্তবায়নের হার ৬৮ দশমিক ২৯ শতাংশ। ২০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।
গত বছরের একই সময়ে মন্ত্রিসভার ১১টি বৈঠকে ৭৮টি সিদ্ধান্ত হয়েছিল জানিয়ে শফিউল বলেন, “যার মধ্যে ৪৫টির বাস্তবায়ন হয়, বাস্তবায়নের হার ছিল ৫৭ দশমিক ৬৯ শতাংশ।”
মন্ত্রিপরিষদ সচিব জানান, গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠকে চারটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ১০টি।
গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভায় তিনটি নীতি বা কর্মকৌশল, চারটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়। ওই সময়ে সংসদে আটটি আইন পাস হয়।
