নাইকো মামলায় খালেদার আবেদনের ওপর শুনানি ৩১ অক্টোবর
নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের আবেদনের শুনানি হবে ৩১ অক্টোবর।
রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওই তারিখ ঠিক করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
এর আগে গত ৩১ জুলাই আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও তা কার্যতালিকায় আসেনি।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা শুনানির দিন পুনরায় নির্ধারনের জন্য চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। তাদের আবেদনে ৩১ অক্টোবর আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রেখেছে আদালত।
আগামী ১৭ অক্টোবর বিচারিক আদালতে এই মামলার শুনানির দিন রয়েছে বলেও জানান খুরশিদ।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরের বছর ৫ মে বিএনপি চেয়ারপারসনসহ ১১ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
এর বিরুদ্ধে খালেদা জিয়া উচ্চ আদালতে গেলে ২০০৮ সালের ৯ জুলাই এই মামলার কার্যক্রম স্থগিত করে হাই কোর্ট। সেই সঙ্গে এই মামলা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দেওয়া হয় রুল। ওই বছর ৯ সেপ্টেম্বর এ মামলায় জামিন পান খালেদা।
গত বছরের শুরুতে রুল শুনানির মাধ্যমে মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক। খালেদার আবেদনে রুলের ওপর শুনানি করে গত বছরের ১৮ জুন রায় দেয় হাই কোর্ট।
খালেদার করা আবেদন খারিজ করে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয় ওই রায়ে। সেই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
ওই নির্দেশনা অনুযায়ী গত বছরের ৩০ নভেম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খালেদা। বিচারক তার জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করে দেন।
অন্যদিকে হাই কোর্টের রায়ের অনুলিপি পাওয়ার পর গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করেন খালেদা জিয়া।
