২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাব হত্যা: যুক্তি উপস্থাপন ১ নভেম্বর

ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানির জন‌্য ১ নভেম্বর দিন রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 10:03 AM

Updated : 20 Aug 2022, 01:52 PM

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান এ দিন ধার্য করেন।

এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার সাক্ষ্যগ্রহণ আগেই শেষ হয়েছে। তবে জব্দ তালিকা প্রস্তুতকারী এসআই মঞ্জুরুল ইমলামকে দিয়ে কিছু আলামত সনাক্ত করা বাকি থাকায় তা বৃহস্পতিবার শেষ হয়।

এ মামলার আসামিরা হলেন- আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সী, মো. সবুজ খান ও মো. রাসেল।

তাদের মধ্যে হাবিব, বিল্লাল ও হুমায়ুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের বাসায় খুন হন ফটোসাংবাদিক আফতাব আহমেদ। পরদিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তদন্ত শেষে পুলিশ গতবছর ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয়। ডাকাতি ও হত্যার অভিযোগে ২০১৪ সালের ২৪ জুলাই দণ্ডবিধির ৩৯৬ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ‌্য দিয়ে শুরু হয় এ মামলার বিচার।