দক্ষিণ এশিয়ায় কানেকটিভিটি বাড়ানোয় প্রধানমন্ত্রীর গুরুত্ব
আঞ্চলিক উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কানেকটিভিটি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে ভুটানের নতুন রাষ্ট্রদূত সোনাম টি রাবগাই বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এ অঞ্চলের ভবিষ্যৎ প্রবৃদ্ধির বিষয়ে আশাবাদী, যা নিহিত রয়েছে দেশগুলোর মধ্যে উন্নত কানেকটিভিটি গড়ে তোলার মধ্যে।”
শেখ হাসিনা ভুটানকে ট্রানজিট ও যোগাযোগের অন্যান্য সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেন। একইসঙ্গে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের (বিবিআইএন) মধ্যে স্বাক্ষরিত মোটর ভেহিকেল চুক্তি বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাতে জলবিদ্যুৎ বিষয়ে সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন শেখ হাসিনা।
বাংলাদেশের সঙ্গে ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে ভুটানের জন্য বিশেষ স্থান রয়েছে।
এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুটানের সমর্থন এবং বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়ার কথাও স্মরণ করে শেখ হাসিনা।
ভুটানের রাষ্ট্রদূতও দুই দেশের চমৎকার পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর হওয়ার আশা প্রকাশ করেন।
ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শুরু করার সময়ের উল্লেখ করে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন রাষ্ট্রদূত।
একইসঙ্গে তিনি ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেইঞ্জ আওয়ার্ড’ পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর কাযালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
