২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষয় অনির্ধারিত আলোচনা; বিতর্কে ডেপুটি স্পিকার-জাপা এমপি

সংসদে অনির্ধারিত আলোচনায় কথা বলা নিয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সঙ্গে বিতর্কে জড়ালেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 09:48 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বুধবার সংসদের বৈঠকে মাগরিবের নামাজের বিরতির পরে এই বিতর্কের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। মাগরিবের বিরতির পরে স্পিকারের আসনে বসেন ডেপুটি স্পিকার।

এসময় ফিরোজ রশীদ পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলার প্রসঙ্গ তুলে বক্তব্য দেওয়া শুরু করেন।

ডেপুটি স্পিকার বক্তব্য সংক্ষিপ্ত করতে বললে ফিরোজ রশীদ বলেন, “কথা বলতেই সংসদে আসি। কথা বলা যদি বন্ধ করতে বলেন, তাহলে সংসদে এসে হাজিরা দিয়ে বসে থাকব। যদি বলেন তাহলে হাজিরা দিয়ে চলে যাব।

“আমরা সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে নই। আমাদের কথা বলতে দিতে হবে। অন্যথায় আগেই বলে দিবেন-কোন কিছুই বলব না।”

“মন্ত্রীরা যখন পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান, তখন তারা তো দীর্ঘ সময় কথা বলার সুযোগ পান,” জাতীয় পার্টির বকে সময়ের সংসদ সদস‌্য ফজলে রাব্বিকে উদ্দেশ করে অভিযোগের সুরে বলেন ফিরোজ রশীদ।

তিনি দাবি করেন, এর আগেও বিরোধী দলের সংসদ সদস‌্যদের সঙ্গে একই ধরনের আচরণ করা হয়েছে।

জাতীয় পার্টির এই নেতা আরও কয়েকটি হত‌্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে কথা বলতে শুরু করেন।

তখন ডেপুটি স্পিকার বলেন, “সিলেটের ঘটনার উপরে কথা বলতে গিয়ে আপনি অন্য প্রসঙ্গগুলো টেনেছেন, তা আগেও সংসদের বৈঠকে বলেছেন। পয়েন্ট অব অর্ডারে এই বক্তব্য দিলে কোনো ফল পাওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট বিধি উল্লেখ করে এ বিষয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

“এই সংসদ সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী চলে। একজন সাংসদ একটা বিষয়ে সংসদের নজরে আনলে যাতে একটা ফল হয়, যাতে ব্যবস্থা নেওয়া যায়- সেজন্যই এটা বলা হচ্ছে। এভাবে কথা বলে সংসদের সময় নষ্ট করে কোনো ফল পাওয়া যায় না।”

ফিরোজ রশীদ দাঁড়ানোর আগেই সিলেটের কলেজছাত্রীর উপর হামলার বিষয়ে বক্তব‌্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সিলেটে চাপাতি দিয়ে ছাত্রীকে কোপানোর ঘটনাটি খুবই নির্মম। এই ঘটনার পুরো খোঁজখবর রাখছি, ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছি। অপরাধীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।”

জঙ্গিবাদের মতো নারীদের উপর হামলার বিষয়েও দেশবাসীকে সোচ্চার হতে আহ্বান জানান নাহিদ।