শাহবাগে ‘মাদকের বিরোধে’ দুই খুন
ঢাকার শাহবাগে ওভারব্রিজে গভীর রাতে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন।
মাদক কেনাবেচা নিয়ে বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোতালেব (৩৫) ও হাবিব(৪০) ওই ওভারব্রিজে থেকে মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত ছিলেন বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।
তাদের হত্যায় সন্দেহভাজন সোহেলও মাদকসেবী এবং ছিনতাইয়ে জড়িত বলে পুলিশের ভাষ্য।
ওসি আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার গভীর রাতে ছুরিকাঘাতে আহত হওয়ার পর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে হাবিবের মৃত্যু হয়। পরে মোতালেবও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, “মঙ্গলবার রাত ১১টার পর মোতালেবের কাছে সোহেল গাজা খেতে চাইলে সে টাকা চায়। সোহেল টাকা দেওয়ার পরও মোতালেব তাকে গাজা না দিয়ে মারধর করে। সোহেলের নাক থেকে রক্ত বের হলে ক্ষুব্ধ সোহেল মোতালেবকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
“আধা ঘণ্টার মধ্যে সোহেল ধারাল চাকু নিয়ে এসে মোতালেবকে এলোপাতাড়ি কোপায়। ওই সময় ফুটপাতে থেকে হাবিব নামের তরুণটি এগিয়ে এলে সোহেল তাকেও কুপিয়ে আহত করে।”
সোহেল রমনায় ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি জামিনে বের হন বলে জানান শাহবাগ থানার ওসি।
তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
