২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: এলজিইডির উপ-পরিচালক গ্রেপ্তার

সড়ক নির্মাণ প্রকল্পের কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপ-পরিচালক প্রকৌশলী তামজীদ সারোয়ারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 01:37 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকালে মিরপুরের পাইকপাড়া থেকে কমিশনের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।”

প্রণব জানান, সুনামগঞ্জ এলাকায় সড়ক নির্মাণ প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের এক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সুনামগঞ্জের ধর্মপাশা থানায় তামজীদের বিরুদ্ধে এ মামলা করে সিলেট দুদক।

২০১০-১২ সুনামগঞ্জে এলজিইডির নির্বাহী প্রকৌশলী থাকার সময় তামজীদ জেলার ধর্মপাশা-জয়শ্রী এলাকায় সড়ক নির্মাণ প্রকল্প থেকে এক কোটি দুই লাখ ৪২ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।