প্রথম দিনে ঢাকায় স্মার্টকার্ড বিতরণ ২৫%
উত্তরা ও রমনার ছয় ভোটার এলাকায় সাড়ে আট হাজার ভোটার। এরমধ্যে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই হাজার কার্ড বিতরণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট এলাকার মোট ভোটারের প্রায় ২৫ শতাংশ।
এ এলাকার বাকি ভোটাররা মঙ্গলবার আর তাদের স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন না। সে ক্ষেত্রে উপজেলায় সব নাগরিকের হাতে কার্ড বিতরণের পর স্ব স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে অবিতরণকৃতদের কার্ড নিতে হবে।
উত্তরা ও রমনা থানা নির্বাচন কর্মকর্তা জানান, প্রথমদিনে ‘ভাসমান’ ভোটার বেশি থাকায় অপেক্ষাকৃত কম স্মার্টকার্ড বিতরণ হয়েছে।
স্থানান্তরিত ভোটার, অফিস সময়, প্রচারণা কম, কারগিরি ত্রুটি, অপারেটরদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, জনবল সংকট ও সমন্বয়হীনতার কারণে শুরুতে এমন হয়েছে বলে মনে করা হচ্ছে।
“আগামীতে তা কেটে যাবে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ওই কর্মকর্তা।
“উত্তরা ১ নম্বর সেক্টরে র্যাব সদর দপ্তর ও একটি হাসপাতাল রয়েছে, ২ নম্বর সেক্টরে পুলিশের (এপিবিএন) আবাসিক এলাকা রয়েছে। এ দুটি এলাকায় ভাসমান ভোটার বেশি, যাদের অধিকাংশই অন্য এলাকায় চলে গেছেন বা বদলি হয়েছেন। এ কারণে কার্ড সংগ্রহে উপস্থিতি কম হয়েছে,” কারণ দেখান তিনি।
রমনা থানা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা জানান, প্রথম দিনে চার হাজার ভোটারের মধ্যে ৮৫১ জন স্মার্টকার্ড নিয়েছেন; আঙ্গুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি রাখা হয়েছে আরও ১৬৩ জনের।
স্থানান্তরিত ভোটার বেশি, সরকারি অফিস সময়ে বিতরণ কাজ হওয়ায় ও অন্য একদিন এসে কার্ড সংগ্রহের প্রবণতা থেকে অনেকে প্রথমদিন না এসে থাকতে পারেন বলে মনে করেন মাহবুবা।
শুরুতে কিছু জটিলতার কথা স্বীকার করে এ কর্মকর্তা বলেন, “প্রথমদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হচ্ছে পরবর্তীর জন্যে। সেক্ষেত্রে মঙ্গলবার থেকে আরও সুচারূভাবে নাগরিকরা কার্ড নিতে পারবেন আশা করি।”
সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত এলাকার ভোটারের জন্য শুধু একদিন বিতরণসূচি রাখায় বিপাকে পড়েছেন ভোটাররা। সোমবার যারা কার্ড নিতে পারেননি, তাদের আরও অন্তত মাস খানেক অপেক্ষা করতে হবে। সেই সঙ্গে আঙ্গুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার জন্য মাত্র চুক্তিভিত্তিক যেসব শিক্ষার্থীকে নেওয়া হয়েছে, তাদেরকে দু’দিনের নোটিসে মাত্র দু’ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত লোকবল না থাকায় কাজেও দেরি হচ্ছে। স্মার্টকার্ড বিতরণে ইসির কার্যক্রমের শুরুতেই ‘আনস্মার্ট’ বলে মন্তব্য করেন এক ভুক্তভোগী।
মঙ্গলবার উত্তরা হাই স্কুল কেন্দ্রে সেক্টর ১০ ও রানাভোলা এলাকা এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ইস্কাটন গার্ডেন রোড এলাকার ভোটারদের স্মার্টকার্ড বিতরণ করা হবে।
ইসির উপ সচিব ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, “প্রথম দিনে আমরা আশানুরূপ সাড়া পেয়েছি; কিছু সমস্যাও ছিল। আশা করি, আগামীতে সমস্যাগুলো আর থাকবে না। সুন্দরভাবে বিতরণ হবে।”
