দুর্যোগের মৃতদেহ ব্যবস্থাপনায় নির্দেশিকা প্রকাশ
আন্তর্জাতিক রেডক্রস কমিটির সহযোগিতায় ‘দুর্যোগ পরবর্তী মৃতদেহ ব্যবস্থাপনা নির্দেশিকা-২০১৬’ প্রকাশ করেছে সরকার।
রোববার বিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই নির্দেশিকা প্রকাশ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেন, সকল দুর্যোগের পর মৃতদেহ ব্যবস্থাপনায় এই নীতিমালা ব্যবহৃত হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল বলেন, রানা প্লাজা দুর্ঘটনার আগে একসাথে ১১০০-১২০০ লাশ ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের নেই।
“রানা প্লাজায়ও অনেকে তাদের আত্মীয়কে খুঁজে পায়নি। আবার বেনামী লাশও দাফন হয়েছে। এ কারণে মৃতদেহ ব্যবস্থাপনায় একটা সুষ্ঠু পদ্ধতি থাকা প্রয়োজন।”
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ ও আইসিআরসি ঢাকার হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলানভ।
এই নির্দেশিকার অন্যতম সম্পাদক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কামরুল ইসলাম তার কার্যনির্বাহী সংক্ষিপ্তসারে বলেন, স্থানীয় পর্যায়ে চার ধরনের দল কাজ করবে। এগুলো হচ্ছে, মৃতদেহ অনুসন্ধান ও উদ্ধারকারী দল, মৃতদেহের তথ্য ব্যবস্থাপনা দল, মৃতদেহ শনাক্ত ও হস্তান্তরকারী দল, মৃতদেহ সৎকারী দল।
শরীরের বিচ্ছিন্ন অংশ আলাদা একটি মৃতদেহ হিসাবে বিবেচনা করতে হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। মৃতদেহটি কোথায়, কখন (তারিখসহ) কীভাবে পাওয়া গেছে, সে তথ্য লিখে রাখতে হবে। মৃতদেহের সাথে থাকা ব্যক্তিগত দ্রব্যাদি দেহ থেকে আলাদা করা যাবে না।
উদ্ধারকারী দলকে প্রয়োজনে চিকিৎসা সুবিধা দিতে হবে। উদ্ধারকারী দলের মানসিক চাপ মোকাবেলায় দুর্যোগ আক্রান্ত এলাকায় সাইকোলজিকাল সাপোর্ট এবং প্রণোদনার ব্যবস্থা করতে হবে।
দুর্যোগে সৃষ্ট মৃতদেহ দ্রুত উদ্ধার, শনাক্তকরণ, হস্তান্তর, যথাযথ সৎকার করাসহ যাবতীয় কার্যক্রম যতদূর সম্ভব সঠিক ও যথোপযুক্ত পদ্ধতি অনুসরণ করে করা, বেঁচে থাকাদের কষ্ট, উৎকণ্ঠা, মানসিক চাপ সহনীয় পর্যায়ে য়ে নামিয়ে আনা, মৃত ব্যক্তির হিসাব স্থায়ীভাবে সংরক্ষণের জন্য প্রতিটি দুর্যোগে মৃতদেহ ব্যবস্থাপনার পাশাপাশি মৃত ব্যক্তিদের ডাটাবেজ এবং ডকুমেন্টেশন তৈরি করতে এই নির্দেশিকাটি প্রস্তুত করা হয়।
আইসিআরসি বাংলাদেশের প্রটেকশন অফিসার রোকসানা জাহানও এই নির্দেশকার অপর সম্পাদক হিসাবে কাজ করেছেন।
