২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ঢুকে পড়া ওই তরুণ ছাড়া পেলেন থানা থেকে

খেলার মধ‌্যে নিরাপত্তার ফাঁক গলে মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরা তরুণটিকে একদিন আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 10:08 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

শনিবার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ওয়ানডে ম‌্যাচের সময় হঠাৎ করে মাঠে ঢুকে পড়েছিলেন টাইগার অধিনায়কের ওই ফ‌্যান।

ক্রিকেটার মাশরাফি তাকে শুরুতে আগলে রাখলেও স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পুলিশ মিরপুর থানায় নিয়ে রাখে।

ওই তরুণের সঙ্গে তার আরও তিন বন্ধুকেও ধরে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন‌্য। ইংল‌্যান্ডের সঙ্গে সিরিজের আগে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দিনভর তদন্তও চালায় পুলিশ।

তবে মেহেদি হাসান নামে ওই তরুণদের কোনো অসৎ উদ্দেশ‌্যের প্রমাণ না পাওয়ায় রোববার রাত ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মিরপুর থানার এসআই আবু জাফর।

এর আগে সকালে পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তরুণটি ‘আউট অব কিউরিসিটি’ মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেছিল।

“তার আচরণে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

শনিবার শেষ ওয়ানডেতে আফগানিস্তান ইনিংসের ২৯তম ওভারে স্টেডিয়ামের গ্রান্ড স্ট‌্যান্ড থেকে আচমকা মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই তরুণ।

তবে ওই দর্শক ১০০ টাকার টিকেট কিনলেও দামি টিকেটের গ্রান্ড স্ট‌্যান্ডে এসে বসেছিলেন বলে বিসিবির নিরাপত্তা উপদেষ্টা হোসেন ইমাম জানিয়েছেন।

নিয়ম ভেঙে ওই তরুণকে বিসিবির লজিস্টিকস কমিটির এক সদস্যই গ্রান্ড স্ট‌্যান্ডে এনেছিলেন বলে বিসিবির অনুসন্ধানে বেরিয়ে এসেছে। তবে শনিবার রাতের ঘটনার পর ওই সদস্যের এখন লাপাত্তা।

এদিকে ওই তরুণকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে থানার সামনে অপেক্ষা করছিলেন তার ভাইসহ স্বজনরা।

তার ভাই সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকেই এখানে। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে। কিন্তু কতক্ষণ জিজ্ঞাসাবাদ চলবে, সেটা বুঝতে পারছি না।”

সাভার থেকে যে তিন বন্ধুকে নিয়ে ওই তরুণ এসেছিলেন, তাদেরও পুলিশ থানায় নিয়ে গিয়েছিল। এরপর সাভার পুলিশের মাধ‌্যমে তাদের বাড়িতেও অনুসন্ধান চালায় পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজের অভিযোগ পায়নি।

এদিকে গ‌্যালারি থেকে দর্শকের মাঠে ঢুকে পড়ার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তবে আপাতত এটিকে খুব বড় করে দেখছে না বিসিবি। প্রধান নির্বাহী জানালেন, নিরাপত্তা কমিটিই খতিয়ে দেখবে সব কিছু।

পুরনো খবর:

১০০ টাকার টিকেটে গ্র্যান্ড স্টান্ডে ঢুকেছিল ওই দর্শক
মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরা তরুণকে থানায় জিজ্ঞাসাবাদ