হাই কোর্টে আবার জামিন চাইলেন মিনার
ফেনীর ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মিনার চৌধুরী ফের হাই কোর্টে জামিন আবেদন করেছেন।
ব্যারিস্টার আমিনুল হক রোববার মিনারের পক্ষে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চে এ সংক্রান্ত একটি আবেদন উপস্থাপন করেন।
ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সরওয়ার কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলায় এর পূর্বে আপিল বিভাগ তার জামিন বাতিল করেছিল।
“সাধারণত আপিল বিভাগ জামিন বাতিল করলে হাই কোর্টে আসার ক্ষেত্রে বার (বাধা) আছে। এখন এই পর্যায়ে তিনি কীভাবে হাই কোর্টে আসলেন, আপিল বিভাগ জামিন বাতিলের আদেশে কী বলেছিলো-এ সব আমরা দেখব। দেখে আদালতে আমাদের বক্তব্য রাখব।”
২০১৪ সালের ২০ মে ফুলগাজী যাওয়ার সময় ফেনী শহরের একাডেমী এলাকায় একরামুলকে নিজের গাড়িতে গুলি চালানোর পর পুড়িয়ে হত্যা করা হয়।
নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ওই দিনই ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন আহম্মদ চৌধুরীর (মিনার চৌধুরী) নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর ওই বছর ২৭ মে গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে মিনারকে গ্রেপ্তার করে। মাঝে একবার তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। পরে অভিযোগপত্র দেওয়ার পর নির্দেশনা মেনে আদালতে হাজির না হওয়ার তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। তার ভিত্তিতে ফের গ্রেপ্তার হন তিনি।
২০১৫ সালের মার্চে মিনারকে হাই কোর্ট জামিন দিলেও শেষ পর্যন্ত আপিল বিভাগে তা টেকেনি। এখন আবার তিনি জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে গেলেন।
