অধ্যাপক আহসানুল হক আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মো. আহসানুল হক আর নেই।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে তার ভাগ্নি একই বিভাগের অধ্যাপক নেভিন ফরিদা জানিয়েছেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই শিক্ষকের বয়স হয়েছিল ৮৩ বছর।
অধ্যাপক নেভিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা গিয়েছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।”
আসরের নামাজের পর জানাযা শেষে আহসানুল হককে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।
নিবেদিত এই শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এক বিবৃতিতে তিনি বলেন, “অধ্যাপক ড. মো. আহসানুল হক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান কৃতি শিক্ষক ও গবেষক। এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে, প্রগতিশীল আন্দোলন, সর্বোপরি স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে তিনি বিশেষ অবদান রেখেছেন।”
১৯৯৪ সলের ৩০ জুন অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার আগে ইংরেজি বিভাগে ৩৪ বছর ধরে শিক্ষকতা করেছেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, হলের প্রাধ্যক্ষ ও কলা অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন। এ জন্য পাকিস্তানি সেনাবাহিনী তার উপর নির্যাতনও চালিয়েছিল।
আহসানুল হকের জন্ম ১৯৩৩ সালের ৯ জুলাই পাবনা জেলার (বর্তমান সিরাজগঞ্জ) শাহজাদপুরে । তিনি ১৯৫৫ সালে কৃতিত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন। পরের বছর একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে প্রথমে নোয়াখালীর চৌমুহনী কলেজ এবং পরে জগন্নাথ কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৩ সালের ২৩ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ৭ম বর্ষপূর্তির অনুষ্ঠানে অধ্যাপক ড. মো.আহসানুল হক।
এর মধ্যে ১৯৬৫ সালে যুক্তরাজ্যে ‘ইউনিভার্সিটি অব ব্রিস্টল’ থেকে কবি টি এস এলিয়টের সাহিত্যের ওপর অভিসন্দর্ভ লিখে পিএইচডি ডিগ্রি নেন আহসানুল হক।
দেশি-বিদেশি বিভিন্ন স্বীকৃত সাময়িকীতে তার ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তার সাবেক একজন ছাত্র বলেন, অধ্যাপক হক শিক্ষকতার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন; শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন ‘যত্নশীল ও স্নেহশীল’ অভিভাবক; একজন ‘বড় মাপের মানুষ’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির মত বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা এবং বৃক্ষ মেলা, রক্তদান কর্মসূচির মত বিভিন্ন উদ্যোগেও ভূমিকা রেখেছেন আহসানুল হক।
