ঢাকায় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর গুলশানের নর্দায় দেয়ালচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে।
নিহতদের একজনের নাম মো. আরেফিন (২৮)। অন্যজনের পরিচয় মেলেনি, তার বয়স আনুমানিক ২৮/৩০ বছর।
রোববার দুপুরে নর্দা সিরাজ গার্ডেনের পাশে একটি পুরনো দোকান ভাঙার সময় দুই শ্রমিক দেয়াল চাপা পড়েন বলে গুলশান থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেয়াল চাপায় একজন পথচারীও আহত হয়েছেন। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ দুটি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
পুরনো একটি ভবনের দেয়াল ধসে পড়লে সেখানে নির্মাণকাজে থাকা দুই শ্রমিক চাপা পড়লে তাদের মৃত্যু হয় বলে জানান গুলশান থানার পরিদর্শক আমিনুল হক।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরেফিন রাজমিস্ত্রী ছিলেন। তার স্ত্রী তাসলিমা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন।
আরেফিনের বাড়ি চাঁদপুরের উত্তর মতলবে। গুলশানের কালাচাঁদপুরে স্ত্রী ও এক মেয়ে নিয়ে থাকতেন তিনি।
নিহত অন্য যুবকের পরনে ছিল সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ও কালো রঙের ফুল প্যান্ট।
