সরকারি প্রাথমিকে সহকারী প্রধান শিক্ষকের পদ দাবি
শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানিয়েছে শিক্ষকদের একটি সংগঠন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলানায়তনে ‘মানসম্মত শিক্ষা বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানায়।
সমিতির মহা-সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরাই ওই দায়িত্ব পালন করছেন। এতে স্কুলের দৈনিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলাতে শিক্ষকদের রীতিমত যুদ্ধ করতে হচ্ছে।”
‘শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ’ থাকায় পড়াশোনার মান ব্যাহত হচ্ছে দাবি করে এই শিক্ষক নেতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির দাবি তোলেন।
এছাড়া জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ, সব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালু ছাড়াও ল্যাপটপ সরবরাহেরও দাবি জানান তিনি।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি ওয়েছ আহমেদ চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
